স্পোর্টস ডেস্ক : গত রোববার ভারতের আহমেদাবাদে বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে বিরাট কোহলিদের হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ১৪ ও ২৬ ডিসেম্বর পার্থ আর মেলবোর্ন এবং ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের ম্যাচ তিনটি।
আসন্ন এই সিরিজে জয়ের প্রত্যাশাতো দূরে থাক! হোয়াইটওয়াশ এড়ানোই চ্যালেঞ্জিং হবে পাকিস্তান ক্রিকেট দলের জন্য। এমনটিই বলছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার আকিব জাভেদ।
মঙ্গলবার লাহোরে সংবাদমাধ্যমকে জাভেদ বলেন, অতীতে শক্তিশালী দল নিয়েও অস্ট্রেলিয়া সফরে জিততে পারেনি পাকিস্তান। আসন্ন এই সিরিজে শান মাসুদের নেতৃত্বাধীন দল যদি হোয়াইটওয়াশ এড়াতে পারে, তাহলে সেটাই হবে বড় কৃতিত্ব।
অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে পেসার হারিস রউফকে বাছাই করা হয়েছিল। কিন্তু তিনি সফরে যেতে আগ্রহী না।
এব্যাপারে সংবাদমাধ্যমকে আকিব জাভেদ বলেন, টেস্ট ম্যাচ খেলার জন্য হারিসকে রউফকে বাধ্য করা আদৌ ঠিক নয়। সে এক বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেনি। তাকে এখন কীভাবে নির্বাচকরা খেলার জন্য চাপ দিচ্ছে। সেতো নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০