আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় হাসপাতালে হামলার জেরে ইসরায়েলি পুলিশের নেভি ব্লু রঙের ফুল হাতা ইউনিফর্ম তৈরি বন্ধ করেছে ভারতের কেরালার একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০০৫ সাল থেকে ইউনিফর্ম সরবরাহ করে আসছিল মারয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভির।
প্রতিষ্ঠানটির পরিচালক থমাস ওলিকাল জানান, গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলি পুলিশের ইউনিফর্ম তৈরি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় থমাস বলেন, সাধারণ নাগরিকদের ওপর হামাসের হামলা গ্রহণযোগ্য নয়। একইরকম অগ্রণযোগ্য ইসরায়েলের পাল্টা হামলা।
তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বর্তমান চুক্তিগুলোর প্রতি মারয়ান অ্যাপারেল সম্মান জানায়। তবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি নতুন অর্ডার নেবে না। আমরা ইসরায়েলি পুলিশকে ইউনিফর্ম সরবরাহ না করলে তাদের হয়তো কোনো ঘাটতি হবে না। তবে নৈতিক জায়গা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, মারয়ান অ্যাপারেল ইসরায়েলি পুলিশের কাছে বছরে প্রায় এক লাখ পোশাক সরবরাহ করত। ইউনিফর্ম তৈরি বন্ধ করায় তার প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। যদিও থমাস ওলিকাল তার সিদ্ধান্তে অটল রয়েছেন। কারণ তার প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার মানুষ কাজ করেন যাদের ৯০ শতাংশই নারী। এই নারীরা চান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি পুলিশের ইউনিফর্ম তৈরি বন্ধ রাখা হোক।
কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৪