স্পোর্টস ডেস্ক : দুই দলের মধ্যে অদ্ভুত এক মিল। বিশ্বকাপের দুই অঘটনের সঙ্গে জড়িয়ে তাদের নাম। একটা ইংল্যান্ড, অন্যটা দক্ষিণ আফ্রিকা। ইংলিশরা হেরেছে আফগানিস্তানের কাছে, আর প্রোটিয়ারা ডাচদের বিপক্ষে। মানসিক ট্রমার মধ্যে থাকা দুই দল আজ মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টে।
দুপুর আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। যে মাঠটি আবার প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার প্রিয় ক্রিকেটার শচিন টেন্ডুলকারের হোম গ্রাউন্ড। নিজের ছোটোবেলার ক্রিকেট আইডলের ঘরের মাঠ খেলবেন ভেবেই বাভুমা ম্যাচটির আগে রোমাঞ্চিত।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাভুমা এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে। সেখানে আলাপকালে জানিয়েছেন, তিনি ক্রিকেটার হয়ে উঠেছেন শচিনের খেলাকে অনুসরণ করে।
বলেছেন, ‘আমার জীবনে শচিন একটা বড় ভূমিকা রেখেছে। তাকে আদর্শ হিসেবে মেনে বড় হয়েছি। ওয়াংখেড়ে তার ঘরের মাঠ। যেখানে খেলে শচিন ক্রিকেটার হয়েছেন। আজ আমি এখানে খেলতে নামছি। এটা আমার কাছে অনেত বড় সুযোগ বলে মনে করি।’
বাভুমা যোগ করেছেন, ‘আমাদের দলের অনেক ক্রিকেটার আইপিএল খেলে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছে কেউ কেউ। তাই এই মাঠ সম্পর্কে তারা অবগত। তারা জানে ব্যাটসম্যানদের জন্য ওয়াংখেড়ে কিভাবে স্বর্গ হয়ে উঠতে পারে। তাই এটা দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে।’
কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৫০