সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলক উন্মোচন শেষে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন এবং শিক্ষার মান নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের মোঃ এনামুল হক, নওগাঁ-৩ আসনের মোঃ ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের ডা: একরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের মোঃ জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের শেখ মোঃ রেজাউল ইসলাম। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, জেলা পরিষদ প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অস্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের আমরুপালি গাছের চারা দিয়ে বরণ করেন। সুধী সমাবেশে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে বিশেষ অতিথিরাও তাঁদের শুভেচ্ছা বক্তব্যে নওগাঁর উচ্চশিক্ষা প্রসারে বিশ্ববিদ্যালয়টির গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৫