স্পোর্টস ডেস্ক : উইকেটরক্ষক হওয়ায় ব্যাটসম্যানদের স্লেজিং করা সবচেয়ে বেশি সহজ মুশফিকুর রহিমের জন্য। অন্য সব ব্যাটসম্যানদের মনোযোগে চিড় ধরাতে কাজটি করলেও বিরাট কোহলির ক্ষেত্রে বিরত থাকেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার মতে, এতে উল্টো ভালো করার রসদ পান ভারতীয় তারকা।
ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কোহলিকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়’ বলেছেন মুশফিক। তাই এই ব্যাটসম্যানকে স্লেজিং করা মানে বিপদ ডেকে আনা, মনে করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।
বাংলাদেশকে পেলে সবসময়ই রানে থাকেন কোহলি। এখন পর্যন্ত ১৯ ওয়ানডে খেলে টাইগারদের বিপক্ষে ৭৩.১৩ গড়ে ১ হাজার ৯৭ রান করেছেন তিনি।
পুনেতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে কোহলিকে নিয়ে মুশফিক বলেন, ‘কিছু ব্যাটসম্যান স্লেজিং পছন্দ করে, তাতে ভালো করতে আরও উদ্বুদ্ধ হয়। আমি তাকে (কোহলি) কখনোই স্লেজিং করি না, কারণ তাতে সে আরও প্রেরণা পায়। সব সময় বোলারদের বলি, যত দ্রুত সম্ভব তাকে আউট করো।’
মুশফিক কোহলিকে স্লেজিং না করলেও কোহলি ঠিকই কাজটি করেন বলেও জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের স্তম্ভ, ‘যখনই তার (কোহলি) বিপক্ষে খেলি, ব্যাট করতে নামলে সে সব সময়ই আমাকে স্লেজিং করে। কারণ, সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়। কোনো ম্যাচই হারতে চায় না। তার সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতাটা খুব ভালো লাগে এবং তার ও ভারতের বিপক্ষে খেলার যে চ্যালেঞ্জ সেসবের মুখোমুখি হতেও ভালো লাগে।’
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৫ ওয়ানডে খেলে ৩১.৬৭ গড়ে ৬৬৫ রান করেছেন মুশফিক। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাটে ভালো ইনিংসের প্রত্যাশায় থাকবে বাংলাদেশ।
কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৪৫