বিনোদন ডেস্ক : নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও, একটা সময় ওমর সানীকে দেখা গেছে খলনায়ক চরিত্রেও। এর মধ্যে গেল প্রায় দুই বছর সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাকে। অবশেষে শুটিংয়ে ফিরেছেন তিনি। তবে এবার আর নায়ক কিংবা খলনায়ক নয়, আধ্যাত্মিক চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে তার নতুন লুকের ছবি। আর সানীর এমন লুকটি থাকছে মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ সিনেমায়। গেল ১০ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে এর শুটিং।
ওমর সানী বলেন, ‘নায়ক থেকে ভিলেন চরিত্রে কাজ শুরু করেছিলাম। দর্শকের সাড়াও পেয়েছি। ভিলেন হিসেবে অনেকগুলো ছবি সুপারহিটও হয়েছে। কিন্তু আমার মেয়ে চায়নি, আমি খলনায়ক চরিত্রে কাজ করি। তাই মেয়ের চাওয়াকে প্রাধান্য দিয়ে এই চরিত্র থেকে সরে এসেছি। অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই চরিত্র একটু অন্য রকম, তাই কাজটি করছি।’
তিনি আরও বলেন, ‘এই সিনেমার গল্পটি হরর। ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক গোছের। একটি মেয়ে মারা যায়। সেই মেয়ের আত্মাকে আমি দেখতে পাই। আত্মাও আমাকে দেখে। তাকে ধরার পেছনে ছুটি। কারণ, তার মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব- এমন একটি চরিত্র।’
‘ডেডবডি’ সিনেমায় ওমর সানীর পাশাপাশি আরও অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপুসহ অনেকে। কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী অন্বেষা রায় (এনি)।
কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৩২