স্পোর্টস ডেস্ক : মোহালিতে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে দুদলের সবশেষ সিরিজ এটি। সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে ভারত বিশ্রামে রেখেছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পা-িয়ার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের। আর চোটের কারণে প্রথম ওয়ানডের অস্ট্রেলিয়া দলে নেই মিচেল স্টার্ক।
বিশ্বকাপের আগে হওয়া এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। বিশ্বকাপ ভাবনায় অশ্বিন আছেন বলেই এই সিরিজে পরখ করে দেখা। ভারত বিশ্বকাপের দল ঘোষণা করেছে তবে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সুযোগ আছে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রথম ওয়ানডের একাদশে অফ স্পিনার হিসেবে অশ্বিনই খেলবেন নাকি ওয়াশিংটন সুন্দর তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
রোহিত বিশ্রামে থাকায় ইশানই ওপেন করতে নামবেন গিলের সঙ্গে। এশিয়া কাপে শুধু একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তাই এই সিরিজে তাকেও পরখ করে নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেই মার্নাস লাবুশেন। তবে সাম্প্রতিক সময়ের তার পারফরম্যান্সে আবারও অস্ট্রেলিয়ার নির্বাচকদের ভাবতে হচ্ছে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কামিন্স বললেন, ‘লাবুশেনের নাম সব সময় আমার মাথায় ঘুরছে, ২৪ ঘণ্টাই।’
চোটের কারণে কামিন্স নিজেও মাঠের বাইরে ছিলেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনিসহ খেলতে পারেননি স্টিভেন স্মিথও। তবে ভারতের বিপক্ষে তিন ম্যাচেই খেলার বিষয়ে আশাবাদী কামিন্স। স্মিথও মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন। কামিন্স নিজেকে নিয়ে বলেন, ‘আমার কব্জির চোট সেরে গেছে। আমি ১০০ শতাংশ ফিট। আশা করছি তিনটি ম্যাচই খেলতে পারব।’ স্মিথকে নিয়ে বলেন, ‘ও সুস্থ এবং খেলবে। ওকে দেখে পুরোপুরি ফিটই মনে হয়েছে।’
মিচেল স্টার্কের না খেলার বিষয়টি জানিয়ে কামিন্স বলেন, ‘স্টার্ককে পাওয়া যাবে না। এই সিরিজের পরের ম্যাচে অবশ্য পাওয়া যেতে পারে। সামনে বিশ্বকাপ। সে কথা আমাদের মাথায় রেখে এগোতে হবে।’বিশ্বকাপের আগে নিজেদের মাঠে সিরিজ জিততে চাইবে ভারত। অস্ট্রেলিয়াও চাইবে সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারতে।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৮