স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে আজ মহারণ। সুপার ফোরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু সেই ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন বাবর আজমরা। ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানটা যে হারিয়েছেন তারা।
গত মাসেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের সিংহাসনে বসেছিল পাকিস্তান। আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষস্থানে উঠেছিল বাবর আজমের দল। সেই অজিদের কাছে শীর্ষস্থান হারাল তারা। প্রথম ম্যাচের পর কাল দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া।
ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। অন্যদিকে, ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান।
পাকিস্তান অবশ্য আজই আবার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারে। এ জন্য এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে হবে তাদের। ভারতকে আজ হারাতে পারলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১২২।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৩