ডেস্ক নিউজ : এক্ষেত্রে সবাই যে অনুমতি পাবেন না, তা আঁচ করা গেছে ডিএমপি কমিশনারের কথায়। তিনি বলেছেন,বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করতে নয়টি দল আবেদন করেছে। আমরা পর্যালোচনা করে তাদের মধ্যে কয়েকটি দলকে সমাবেশের অনুমতি দেবো। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে বুধবার (২৬ জুলাই) রাজধানীর হোসেনি দালান বা ইমামবাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, যারা সমাবেশের অনুমতি পাবে, তাদের রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। এ সময় রাজনৈতিক দলগুলোকে রাজধানী অচল না করতে পরামর্শ দেন তিনি। বলেন, বৃহস্পতিবার কর্মদিবস। সেদিন ঢাকাকে যানজটে নাকাল করে দেয়া যাবে না। রাজনৈতিক দলগুলো যাতে ভবিষ্যতে ওয়ার্কিং ডেতে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি দেয়।
রাজনৈতিক দলগুলোর প্রতি লাঠিসোঁটা ও ব্যাগ নিয়ে সমাবেশে না আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন,সংঘাত-সহিংসতা করার উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসবেন না। জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না। জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমরা ব্যবস্থা নেবো। বাধ্য হবো এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৩,/দুপুর ১:১৫