স্পোর্টস ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সে ক্যানসার বাসা বেঁধেছিল শরীরে। সেই ক্যানসার জয় করে ফুটবলে ফিরেছেন লিন্ডা কাইসাদো। শুধু তাই নয়, কলম্বিয়ার হয়ে নারী ফুটবল বিশ্বকাপে অভিষেক হলো তার। সেই অভিষেক তিনি রাঙালেন গোল করে। সিডনিতে মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিন্ডা। পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছিলেন ক্যাটলিনা উসমে।
গত ফেব্রুয়ারিতে মাত্র ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হন লিন্ডা। এরপর যে দশ ম্যাচ খেলেছেন, তার মধ্যে গোল করেছেন দুটি, এসিস্ট ৪টি। ওই পারফরম্যান্সেই তিনি জানান দেন, নারী বিশ্বকাপে তার ওপর আলাদা নজর রাখতেই হবে। তবে লিন্ডার এর আগের পথটা ছিল শুধুই লড়াইয়ের। ১৫ বছর বয়সে ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে লিন্ডার শরীরে। এ জন্য সার্জারিও করতে হয় তাকে। সার্জারির পর যে আর ফুটবলে ফিরতে পারবেন, এমনটা ভাবতেই পারেননি তিনি।
ফিফাকে লিন্ডা বলেছেন, ‘এক সময় আমি ভাবতেই পারিনি, ফের পেশাদার ফুটবলে ফিরতে পারব। কারণ, সব রকম চিকিৎসা এবং অস্ত্রোপচারের মধ্যে আমাকে যেতে হয়েছিল। মানসিকভাবে আমার জন্য এটি অনেক কঠিন মুহূর্ত ছিল। একটা জায়গায় আমি খুব ভাগ্যবান যে এটা এমন সময়ে ঘটেছে, যখন আমি খুব ছোট। আমি সেরে উঠতে পেরেছি। আমার পরিবারের সমর্থন ছিল এবং আমি এখন খুব ভালো অনুভব করছি। যা ঘটেছে তা আমাকে বড় করেছে। আমি এখানে এসে কৃতজ্ঞ এবং খুশি বোধ করছি।’
ক্যান্সার জয় করে আবারও ফুটবলে ফেরার ক্ষেত্রে লিন্ডার পাশে ছিলেন কলম্বিয়ার কোচ নেলসন আবাদিয়া। শিষ্যকে তিনি সব সময় বলতেন, শান্ত থাকতে। জাতীয় দলে ফিরে আসার বিশ্বাসটা তিনিই বুনে দিয়েছিলেন। লিন্ডা সত্যিই ফিরেছেন। বিজয়ীর বেশেই ফিরেছেন!
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৮