বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কম্পানি লিমিটেড এ গ্যাস সরবরাহের দাবি জানানো হয়েছে। রবিবার এ দাবি জানিয়ে কারখানার সামনে মানববন্ধন করেছেন শ্রমিক-কর্মচারিরা। এ সময় হওয়া প্রতিবাদ সমাবেশ থেকে আরো দু’দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে কাজ না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। কর্মসূচি চলাকালে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিলো।
সমাবেশে বক্তারা জানান, ওভারহেলিংয়ের জন্য এ বছরের ১মার্চ থেকে কারখানার উৎপাদন দুই মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে ওভারহেলিং শেষে কারখানা চালু করতে গ্যাস সরবরাহের জন্য বিসিআইসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত কারখানায় গ্যাস সরবরাহ করা হয়নি। এ অবস্থায় টানা পাঁচ মাস বন্ধ থাকায় কারখানার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। চালু অবস্থায় কারখানা থেকে প্রতিদিন ১২শ’ মেট্রিক টন সার উৎপাদন হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সার কারখানা শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিয়া। সাধারন সম্পাদক কবীর হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তৈমুর রহমান, সোহরাব হোসেন, জাহিদুর রহমান প্রমুখ। এ সময় ২৪ ও ২৫ জুলাই কারখানার ফটকে সভা ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।