স্পোর্টস ডেস্ক : এটাকিং মিডফিল্ডার, খেলতে পারেন আক্রমণভাগের বিভিন্ন পজিশনেও। দুর্দান্ত ড্রিবলিং দক্ষতা আছে তার। আর তাতেই আর্দা গুলার ‘তুরস্কের মেসি’ হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। মাত্র ১৮ বছর বয়সে তার এমন দক্ষতায় মুগ্ধ হয়ে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে ছয় বছরের চুক্তিতে গুলারকে দলে টানার কথা বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে জানায় রিয়াল।
শুক্রবার রিয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে তাকে। ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, গুলারকে পেতে মাদ্রিদের ক্লাবটির খরচ হচ্ছে ২ কোটি ইউরো। গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের আরও কয়েকটি ক্লাবের নজর ছিল তার ওপর। যে লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হলো রিয়াল। ২০১৯ সালে ফেনেরবাচের একাডেমিতে যোগ দেন গুলার।
ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন ২০২১ সালের জানুয়ারিতে। ওই বছরের অগাস্টে ইউরোপা লিগের বাছাইয়ের ম্যাচ দিয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার ১৬ বছর বয়সে। দলটির হয়ে তুরস্কের শীর্ষ লিগে অভিষেকে একটি অ্যাসিস্ট করেন তিনি। হয়ে যান লিগে দলটির সর্বকনিষ্ঠ গোলস্কোরারও। দ্রুতই নিয়মিত হন শুরুর একাদশে। মেসুত ওজিল ক্লাব ছাড়ার পর পেয়ে যান আইকনিক ১০ নম্বর জার্সি।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৭