ডেস্ক নিউজ : বুধবার (৩ মে) সকালে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন৷ এদিন বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান সেখানকার সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাষ্ট্রপতি নিজেও।
নিজের দায়িত্ব পালন ও কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সবার প্রতি আহ্বান জানান মো. সাহাবুদ্দিন। মো. সাহাবুদ্দিন বলেন, জনগণকে প্রত্যাশিত সেবা দেয়ার ক্ষেত্রে কর্মচারীদের বিশেষভাবে মনোযোগী হতে হবে। বঙ্গভবনের সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি কীভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে ভাবতে হবে।
রাষ্ট্রপতি আশা করেন, বঙ্গভবনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন এবং বঙ্গভবনের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকবেন। তিনি বলেন, ‘আপনাদের (বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারী) প্রতিটি কর্মকাণ্ড এমন হতে হবে, যাতে জনগণ আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় সততা ও ন্যায়ভিত্তিক, জ্ঞাননির্ভর ও আলোকিত জনপ্রশাসনের কোনো বিকল্প নেই।’
‘আপনারা সরকারের আইন, বিধিবিধান ও জনস্বার্থ দ্বারা পরিচালিত হবেন। মনে রাখবেন, সব আইন প্রণীত হয় জনগণের কল্যাণের জন্য,’ যোগ করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, এর সঙ্গে মিশে রয়েছে বঙ্গভবনে কর্মরত প্রতিটি কর্মচারীর মেধা, শ্রম ও আন্তরিকতা।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও একজন নাগরিক হিসেবে সরকারি কাজের পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বক্ষণিক প্রয়াস চালাবেন বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান বলেন, বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের পথে। বাংলাদেশ এরইমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। আর বঙ্গভবনে থেকে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করা দেশদ্রোহীরাই এখন ইতিহাসের আস্তাকুঁড়ে।
দেশের চলমান উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, জনগণ যাতে তাদের প্রত্যাশিত সেবা সহজে ও নির্বিঘ্নে পেতে পারে সেদিকে সব কর্মকর্তা-কর্মচারীকে খেয়াল রাখতে হবে।
রাষ্ট্রপতি বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সব শহীদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতা ও জাতির ক্রান্তিলগ্নে যারা জীবন উৎসবে করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সব সংসদ সদস্য যাদের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:০৮