স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান ওপেনার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা এতদিন ধরে মারাভান আতাপাত্তুর দখলে ছিল। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন দিমুথ করুনারত্নে। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।
বৃহস্পতিবার আইরিশদের বিপক্ষে রীতিমতো ছেলেখেলা করেছে শ্রীলঙ্কান ব্যাটাররা। প্রথম চার ব্যাটাআরদের চারজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাতে তৃতীয় দল হিসেবে এমন অনন্য রেকর্ডের মালিক হয়েছে স্বাগতিকরা। এ চার ব্যাটারের মধ্যে নিশান মাদুশকা এবং কুশল মেন্ডিস করেছে ডাবল সেঞ্চুরি।
বৃহস্পতিবার চতুর্থ দিন শেষে আইরিশদের চেয়ে ১৫৮ রানে এগিয়ে থেকে খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ৪৯২ রানের জবাবে ৭০৪ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ১৯৪ রানে আউট হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে টাইগারদের বিপক্ষেই আবার ১৯৬ রান করে ফিরে যান। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে মেন্ডিস ক্যারিয়ার সেরা ২৪৫ রানের ইনিংস খেলে ফেললেন। ২৯১ বলের ইনিংসে ১৮ চারের সঙ্গে ১১ ছক্কা মারেন তিনি। আর মাত্র একটি ছক্কা হলেই তিনি সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করতে পারতেন। টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ১৯৯৬ সালে গড়েন আকরাম।
ওপেনিং থেকেই অবশ্য ভিতটা পেয়েছে লঙ্কানরা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা পেয়েছেন সেঞ্চুরির দেখা। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন মাদুশকা। ৩৩৯ বলে ২২টি চার ও এক ছক্কায় করেছেন ২০৫ রান। ইনিংস ঘোষণার আগে সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জোলো ম্যাথিউসও। ১১৪ বলে ছয় চার এবং চারটি ছয়ের বাউন্ডারিতে শতক পূর্ণ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি ম্যাথিউসের দ্রুততম সেঞ্চুরি।
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০