স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। তখন থেকেই গুঞ্জন উঠেছিল, দল থেকে কি বাদ দেয়া হলো তারকা ব্যাটারকে? নির্বাচকদের উত্তর ছিল, বিশ্রাম দেয়া হয়েছে তাকে। কিন্তু বিতর্কটা আবারও সামনে এল যখন আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজেও রাখা হলো না তাকে।
চলতি বছরের শেষে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে নিজেদের মতো রণকৌশল সাজাচ্ছে দলগুলো। বাংলাদেশও প্রস্তুত হচ্ছে পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে। তাই সামনে আসছে মাহমুদউল্লাহর বিষয়টি। বৃহস্পতিবার সেই প্রসঙ্গে উত্তর দিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ন্যাশনাল সেটআপে একদমই নেই। দল নির্বাচনে কী হচ্ছে না হচ্ছে আমি জানতেও চাই না। শুধু মিডিয়ায় দেখি। রিয়াদ অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশ দলের অনেক পারফরম্যান্সের সাক্ষী। যদি আমি সত্যি বলি, রিয়াদ এখন জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি ওভাবে রিয়াদকে বিশ্বকাপে দেখছি না।’
রিয়াদকে বিশ্বকাপে রাখার পরিকল্পনা থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেই রাখা হতো বলে মনে করেন সুজন, ‘যদি রিয়াদকে বিশ্বকাপে দেখতাম, তাহলে এ সিরিজগুলোতে সে থাকত। বিশ্বকাপের তো আর বেশি দিন নেই। হয়তো হৃদয় (তাওহীদ) ভালো করছে, আফিফও (হোসেন) দলের বাইরে আছে, মুশফিক (মুশফিকুর রহিম) ভালো করছে, সে (রিয়াদ) ওভাবে নেই। (ডিপিএল) সুপার লিগের ম্যাচগুলোয় রিয়াদ কীভাবে নিজেকে মেলে ধরে সেটাও একটা দেখার বিষয়।’
রিয়াদের জায়গায় ব্যাটিং করাটা চ্যালেঞ্জিং মানছেন সুজন। তাই বিশ্বকাপের আগে অভিজ্ঞ একজনকে বাদ দিয়ে অন্য কাউকে রাখা কঠিন। তবে এই পজিশনে যে কেউ ভালো করলে রিয়াদের সুযোগ আর থাকবে না বলেও মনে করেন এই সাবেক ক্রিকেটার।
তিনি বলেন, ‘রিয়াদ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করেছে, যেখানে আপনি হিরো হতে পারেন, জিরো হতে পারেন। রিয়াদ দুটোর স্বাদই পেয়েছে। রিয়াদের অনেকগুলো ম্যাচ আছে, যেগুলো সে একাই বাংলাদেশকে জিতিয়েছে। সব মিলিয়ে আমার কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে রিয়াদকে আমাদের কতটুকু দরকার তা বুঝতে হবে। ওর জায়গায় যারা খেলেছে তারা পারফরম্যান্স করতে পারছে কি না। দল যদি সন্তুষ্ট থাকে তাহলে তো রিয়াদের সুযোগ কম থাকবে, যদি আমি সত্যি বলি।’
কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৫