আন্তর্জাতিক ডেস্ক : চীনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভয় দেখিয়ে প্রতিবেশীর ১১০০ মুরগি হত্যার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।
ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশে। গত মঙ্গলবার প্রদেশটির হেংইয়াং কাউন্টির একটি আদালত এই রায় ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয় ২০২২ সালের এপ্রিল থেকেই গাছ কাটাকে কেন্দ্র করে গু ও ঝং এর মধ্যে বিরোধ চলে আসছিল। অনুমতি ছাড়াই গুয়ের গাছ কেটেছিলেন ঝং। এতে ক্ষুব্ধ হন গু
তাই ‘গু’ প্রতিশোধ-পরায়ন হয়ে প্রতিবেশী ঝং এর মুরগির খামারে ফ্লাশলাইটের আলো জ্বালিয়ে আতঙ্ক তৈরি করেন। এতে আতঙ্কে পদদলিত হয়ে দুই দফায় প্রায় ১১০০ মুরগির মৃত্যু ঘটে।
চীনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, যে ১ হাজার ১০০টি মুরগি মারা গেছে, তার দাম প্রায় ১৩ হাজার ৮৪০ ইউয়ান বা প্রায় দুই হাজার ডলার।
মঙ্গলবার ‘গু ইচ্ছাকৃত অন্যের সম্পদের ক্ষতি করতে চেয়েছে’ উল্লেখ করে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এতে ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।
এর সঙ্গে গুকে আরও এক বছর নজরদারিতে থাকতে হবে, যদি তিনি একই কাণ্ড আবার ঘটান, তাহলে ফের তাকে জেলে ঢুকতে হবে।
কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৫