বিনোদন ডেস্ক : ঐন্দ্রিলার সঙ্গে বিশেষ মুহূর্তও কাটিয়েছেন অঙ্কুশ। দেশ-বিদেশে প্রচুর ঘুরেছেন তারা। পর্দায়ও একসঙ্গে হাজির হয়েছেন এ জুটি। নতুন খবর হলো- আসছে ১৪ ফেব্রুয়ারি অঙ্কুশ-ঐন্দ্রিলার সর্ম্পকের ১৩ বছর পূর্ণ হবে।
ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন অঙ্কুশ নিজেই। তার সঙ্গে জুড়ে দিয়েছেন ঐন্দ্রিলার সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি। ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’
অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েতে দুই পরিবারই রাজি। চার হাত এক হওয়া শুধু সময়ের অপেক্ষা। ২০২১ সালে এমন কথাই শোনা গিয়েছিল টালিপাড়ায়। ওই বছর (১৭ আগস্ট) নতুন গাড়ি কিনেছিলেন অঙ্কুশ। সে গাড়ির ছবি পোস্ট করে লিখেছিলেন, এই নতুন সদস্যের কথাই পুরনো পোস্টে বোঝাতে চেয়েছিলাম। ঐন্দ্রিলাও রসিকতা করে লিখেছেন, সংসারে তার ‘সতীন’ এনেছেন অঙ্কুশ।
গেল বছর ঐন্দ্রিলার জন্মদিনে অবাক করা কাণ্ড ঘটিয়েছিলেন অঙ্কুশ। অঙ্কুশ তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা গেছে, ঐন্দ্রিলাকে বাহুডোরে জড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে শুরু হয়েছিল শুভেচ্ছা জানানোর পর্ব। অঙ্কুশ মুহূর্তে ঐন্দ্রিলাকে বলে বসেন, ‘শুভ জন্মদিন গরিলা’। মজার ছলে ঐন্দ্রিলাকে গরিলা ডেকেছিলেন। পরে আবার অবশ্য সুধরে নিয়ে ঐন্দ্রিলা ডাকেন।
এরপর চুমুতে ভরিয়ে দিলেন অঙ্কুশ। ভালোবাসার দাপটে অতিষ্ঠ হয়ে উঠলেন ঐন্দ্রিলা, দেখে হেসে লুটোপুটি ভক্তমহল। ঐন্দ্রিলার এই রূপ দেখে অবাক নেটপাড়া। তাদের এমন মিষ্টি প্রেম দেখে অনেকেই বলেছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
কিন্তু নতুন স্ট্যাটাসে তাদের মন খারাপ। চিন্তার ভাঁজ কপালে। কি এমন হলো অঙ্কুশ-ঐন্দ্রিলার মাঝে? কী এমন বিশেষ কারণ? এমন প্রশ্ন তাদের মনে। তবে এসব প্রশ্নের উত্তর জানতে হলে হয়ত অপেক্ষা করতে হবে। কারণ, মনে করা হচ্ছে অঙ্কুশ নিজেই খোলাসা করবেন!
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫