মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দু’দিনের সফরে আগামী শনিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, তিনি তাঁর সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি মানবাধিকার ও শ্রম অধিকারের বিষয়টি আলোচনায় আসবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, ডোনাল্ড লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার ও মানবাধিকারসহ নানা ধরনের অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনার জন্য ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন। ডোনাল্ড লু দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেবেন। ভারত সফরের সময় তিনি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন।

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রেস নোটে বলা হয়েছে যে, অ্যাসিন্ট্যান্ট স্টেট সেক্রেটারি লু বাংলাদেশ সফরকালে দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সাথে আমাদের দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ করা বিষয়ে আলোচনা করার পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা সম্পর্কে জানবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের পর চলতি মাসে ডোনাল্ড লু হবেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী এইলিন লুবাখার চার দিনের সফরে গত ৭ জানুয়ারি বাংলাদেশে এসেছিলেন। চারদিনের সফর শেষ করে ১০ জানুয়ারি তিনি ঢাকা ত্যাগ করেন।

ডোনাল্ড লুর সংক্ষিপ্ত পরিচিতি :
ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসেবে যোগদান করেন। এ পদে দায়িত্ব পাওয়ার আগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু কিরগিজস্তান প্রজাতন্ত্রে ২০১৮ থেকে ২০২১ এবং আলবেনিয়াতে ২০১৫-২০১৮ মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। আলবেনিয়াতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইবোলা রেসপন্স এর ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবে পশ্চিম আফ্রিকাতে দায়িত্ব পালন করেন।

লু ফরেন সার্ভিস অফিসার হিসেবে ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করছেন। তিনি ভারতে ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) (২০১০-২০১৩) ও চার্জ দ্য অ্যাফেয়ার্স (২০০৯-২০১০), আজারবাইজানে ডিসিএম (২০০৭-২০০৯) এবং কিরগিজস্তানে ডিসিএম (২০০৩-২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কর্মজীবনের শুরুতে মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস দপ্তরের ডেপুটি ডিরেক্টর, ইউরোপীয় বিষয়ক ব্যুরো (২০০১-২০০৩), স্টেট সেক্রেটারির কার্যালয়ের অধীনে সদ্য স্বাধীন দেশগুলোবিষয়ক রাষ্ট্রদূতের বিশেষ সহকারী (২০০০-২০০১), ভারতের নয়াদিল্লীতে পলিটিক্যাল অফিসার (১৯৯৭-২০০০), ভারতের নয়াদিল্লীতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূতের বিশেষ সহকারী (১৯৯৬-১৯৯৭), জর্জিয়ার তিবিলিসিতে কনসুলার অফিসার (১৯৯৪-১৯৯৬) এবং পাকিস্তানের পেশোয়ারে পলিটিক্যাল অফিসার (১৯৯২-১৯৯৪) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৮৮-১৯৯০ সময়কালে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিয়নে পিস কর্পস’র স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকালে হাতে খনন করা পানির কূপ পুনরুদ্ধার এবং স্বাস্থ্য শিক্ষাদান ও টয়লেট নির্মাণে সহায়তা করেছেন।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচের বাসিন্দা। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি আলবেনিয়ান, রাশিয়ান, জর্জিয়ান, আজারবাইজানি, উর্দু, হিন্দি ও পশ্চিম আফ্রিকার ক্রিও ভাষা জানেন। এছাড়া ডোনাল্ড লু বাইক চালানো, সিনেমা দেখা, ভ্রমণ ও নিজ পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit