আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চলতি বছরের মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চায় কানাডা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নিচ্ছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংরক্ষণবাদী বাণিজ্যনীতির মধ্যে বিকল্প বাজার ও অংশীদার খুঁজছে অটোয়া।
বুধবার নয়াদিল্লিতে কানাডীয় হাইকমিশনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। তিনি বলেন, আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে কানাডার।
ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আলোচনা সেই পরিকল্পনার অংশ। আনন্দ বলেন, ‘আমরা বছরের শেষ নাগাদ চুক্তিটি চূড়ান্ত করতে চাই।’
বাণিজ্যিক সম্পর্কের পরিধি বাড়ানো এবং ইইউ, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা প্রধানমন্ত্রী মার্ক কারনির পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিক। তবে পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তায় ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতাও বজায় রাখতে চায় কানাডা।
আনন্দ জানান, ভারতের সঙ্গে চুক্তির আলোচনা ভালোভাবে এগোচ্ছে। গত সপ্তাহে ভারতীয় বাণিজ্য আলোচকেরা কানাডা সফর করেছেন। কানাডার বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুও একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ভারতে রয়েছেন।
কারনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিটি নিয়ে আলোচনা করেছেন। ডিসেম্বরে মোদির কানাডা সফরের কথা রয়েছে।
কানাডার হিসাবে, চুক্তি হলে ২০৩০ সালের মধ্যে দুই দেশের বার্ষিক পণ্য ও সেবা বাণিজ্য ৭ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। ২০২৫ সালে এর পরিমাণ ছিল ৩ হাজার ৪০ কোটি ডলার।
২০২৫ সালে শুধু পণ্য বাণিজ্য হয়েছে ১ হাজার ৯০ কোটি ডলারের। ওই বছর ভারতে কানাডার রপ্তানি আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ কমেছে। বিপরীতে ভারত থেকে আমদানি বেড়েছে ১৮ দশমিক ৯ শতাংশ।
ঘনিষ্ঠ সহযোগিতার বাস্তব ফল হিসেবে চলতি বছরের ইউরেনিয়াম সরবরাহ চুক্তির কথা উল্লেখ করেন আনন্দ। কানাডার কোম্পানি ক্যামেকো ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটির মূল্য ২৬০ কোটি কানাডীয় ডলার, যা প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বাড়ার আরেক উদাহরণ কানাডার ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিংসের বিনিয়োগ। প্রতিষ্ঠানটি ভারতের আইডিবিআই ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনতে সম্মত হয়েছে। চুক্তির মূল্য ৫২ হাজার ৮৭৮ কোটি রুপি বা ৫৫৬ কোটি ডলার। এটি হবে ভারতের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত ব্যাংক চুক্তি।
ভারতের পাশাপাশি অন্য অংশীদারদের সঙ্গেও বাণিজ্য বাড়াচ্ছে কানাডা। চলতি মাসের শেষ দিকে এক শীর্ষ সম্মেলনে ইইউর সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিদ্যমান সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই পক্ষ।
গত বছর ইন্দোনেশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করেছে কানাডা। ২০২৬ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গেও চুক্তি করতে চায় দেশটি। আনন্দ জানান, কানাডার সম্পাদিত ১৫টি বাণিজ্য চুক্তির আওতায় রয়েছে ৫১টি দেশ ও ১৫০ কোটি ভোক্তা।
কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৬,/সকাল ৮:৩৬