আন্তর্জাতিক ডেস্ক : গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এ হামলার জেরে গেল শনিবার (১৯ নভেম্বর) সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে হামলা চালায় তুর্কি সেনাবাহিনী।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, তুরস্কের হামলায় অন্তত ৩৭ জন নিহত হন। এ পরিস্থিতিতে সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর পাশাপাশি আগামীতে এ ধরনের হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া।
এদিকে, ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায় পুরোপুরি সন্ত্রাস দমন না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়েছে তুরস্ক। এরইমধ্যে তুর্কি সেনাবাহিনীর অভিযানে দেড় শতাধিক কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কে হামলা চালানোর লক্ষ্যেই ওইসব এলাকা সন্ত্রাসীরা নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে বলে জানায় আঙ্কারা।
১৩ নভেম্বর ইস্তাম্বুলে ওই ভয়াবহ হামলার দায় কেউ স্বীকার না করলেও এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে এবং সহযোগী সিরীয় কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে তুর্কি সরকার।
কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮