স্পোর্টস ডেস্ক : বিয়ার নিয়ে কাতারের স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে বিশ্বকাপ আয়োজক সংস্থা।
তার পরই এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তা নিয়ে শনিবার মুখ খুললেন ফিফাপ্রধান জিয়ান্নি ইনফান্তিনো। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের।
প্রস্তুতি একেবারে শেষমুহূর্তে বিয়ার নিয়ে স্টেডিয়ামে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আয়োজক দেশ কাতার। তা নিয়ে বিতর্কের জেরে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট।
তিনি বলেন, ১০টি ফ্যান জোনে এক লাখেরও বেশি মানুষ একসঙ্গে মদ্যপান করতে পারেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, দিনের মধ্যে যদি তিন ঘণ্টা বিয়ার পান করতে না পারেন, তা হলে আপনি বেঁচে থাকতে পারবেন।
কারণ ফ্রান্স, স্পেন, পর্তুগাল বা স্কটল্যান্ডেও একই নিয়ম ছিল। স্টেডিয়ামের মধ্যে বিয়ার নিষিদ্ধ ছিল।
শুক্রবার ফিফা ঘোষণা করেছে, কাতারে স্টেডিয়ামের কাছে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিফা প্রেসিডেন্ট বলেন, এটা যেহেতু মুসলিম দেশ, তাই এটা এত বেশি হইচই হচ্ছে।
ইউরোপের দেশগুলো কাতারে বিশ্বকাপ নিয়ে যে সমালোচনা করছে, তার পরিপ্রেক্ষিতে শনিবার দোহায় সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট বলেন, বিশ্বজুড়ে আমরা ইউরোপিয়ানরা ৩ হাজার বছর ধরে যেটি করে আসছি, সেটির জন্য পরবর্তী ৩ হাজার বছর ক্ষমা চাওয়া উচিত আমাদের। তার পর নৈতিক জ্ঞান দেওয়া উচিত।
ফিফা প্রেসিডেন্ট বলেন, আজ নিজেকে কাতারি মনে হচ্ছে। নিজেকে আরবের মানুষ মনে হচ্ছে। আজ নিজেকে আফ্রিকান মনে হচ্ছে। আজ নিজেকে পরিযায়ী শ্রমিক মনে হচ্ছে।
রোববার রাত থেকে এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামবে আয়োজক দেশ কাতার।
কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/দুপুর ১.৩৩