ডেস্ক নিউজ : ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমারের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকউশন বিভাগের উপকমিশনার জসিমউদদীন জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিতে বুধবার ওই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম।
আবেদনে বলা হয়, বাবুল আক্তার কারাগারে থাকাকালে কীভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত বিদেশে থাকা আসামি ইলিয়াসের কাছে সরবরাহ করেছেন এবং কার কার সঙ্গে কথা বলেছেন তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া কারাগারে থাকাকালে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে বাদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানহানিকর ভয়েস রেকর্ড প্রস্তুত করেছেন কিনা, ইলিয়াসের প্রকাশিত ভিডিওর কণ্ঠ বাবুল আকতারের কিনা বা ভয়েস রেকর্ডের অপর প্রান্তে কে ছিলেন, তা জানা প্রয়োজন।
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের পক্ষে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের আসামি, তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ চারজনকে সেখানে আসামি করা হয়।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১