শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

রুশ বাহিনীর হাতে খেরসনের মেয়র আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে আটক করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় এ অঞ্চলটি বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে। 

মঙ্গলবার রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

অন্যদিকে খেরসনের স্থানীয় কর্মকর্তা বলেছেন, মস্কোর আদেশ মানতে অস্বীকার করায় রুশ নিরাপত্তা বাহিনী মঙ্গলবার খেরসন শহরের মেয়রকে অপহরণ করেছে।  

কৃষ্ণসাগরের বন্দর শহর খেরসন রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের ঠিক উত্তর-পশ্চিমে অবস্থিত। খেরসন অঞ্চলের মস্কো-নিযুক্ত ডেপুটি প্রধান একেতেরিনা গুবারেভা বলেছেন, আমি নিশ্চিত করতে পারি যে, খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে কমান্ড্যান্টের (সামরিক পুলিশ) কার্যালয় থেকে আটক করা হয়েছে।

এ দিকে ইহোর কোলিখায়েভের উপদেষ্টা হ্যালিনা লায়াশেভস্কা বলেন, ইউক্রেনের রাশিয়ান দখলদারদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করার পরে মেয়রকে অপহরণ করা হয়েছে।

লায়াশেভস্কা তার ফেসবুক পেজে বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভ শহরের ইউটিলিটি সংশ্লিষ্ট একটি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে সিটি কাউন্সিলের অবশিষ্ট কর্মচারীরা কাজ করেন।’

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে সশস্ত্র ন্যাশনাল গার্ড এবং সম্ভবত এফএসবির মাধ্যমে আটক করা হয়।’

এর আগে পুরো খেরসন অঞ্চল দখলে নেওয়ার পর গত এপ্রিল মাসের শেষের দিকে সেখানকার আঞ্চলিক প্রশাসনের এবং একইসঙ্গে সিটি কাউন্সিলের নতুন প্রধান নিয়োগ করে রুশ বাহিনী।

একই দিন খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা জানান, দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে। পরে সেখান থেকে ইউক্রেনের সব প্রতীক ও চিহ্ন সরিয়ে দেয় এবং নিজস্ব রক্ষীদের নিযুক্ত করেন রুশ সেনারা।

উল্লেখ্য, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। এ ছাড়া প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর হিসেবে সেই সময় খেরসন দখল করেছিলেন রুশ সেনারা। এর প্রায় দুই মাসের মাথায় এপ্রিলের শেষ সপ্তাহে খেরসনের পুরো অঞ্চলটি দখলে নেয় রাশিয়া।

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit