শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ড. ইউনূসের গ্রামীণ আমেরিকার ন্যাশনাল এম্বাসেডর জেনিফার লোপেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্কনিউজঃ হলিউডের জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী, ফ্যাশন আইকন জেনিফার লোপেজ। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত যাকে ভালোবেসে ‘জেলো’ নামেই ডাকে। জেলো আর সাফল্য যেনো একে অপরের প্রতিশব্দ। এবার সেই জেলো অন্যদের সাফল্য অর্জনে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তিনি গ্রামীণ আমেরিকার ‘ন্যাশনাল এম্বাসেডর’ পদে দায়িত্ব নিয়েছেন।

গ্রামীণ আমেরিকার সাথে নিজের কাজ করা সম্পর্কে ল্যাটিন-আমেরিকান গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছেনঃ এই দেশে ল্যাটিনো হয়ে থাকা নিয়ে আমি সবসময়ই গর্ববোধ করি। ২০৩০ সালের মধ্যে স্বল্প আয়ের ল্যাটিনা উদ্যোক্তাদের জন্য জীবন-পরিবর্তনকারী ১৪ বিলিয়ন ডলারের সম পরিমাণ ঋণের মূলধন গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত করতে গ্রামীণ আমেরিকার সাথে অংশীদারিত্বের সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং যারপরনাই কৃতজ্ঞ। আমরা যুক্তরাষ্ট্র জুড়ে ৬ লাখেরও বেশি নারীর ক্ষমতায়ন করবো। আমরা কর্মসংস্থান এবং নেতৃত্বের জন্য সুযোগের পথ বিনির্মাণ করছি। এই জনগোষ্ঠীর প্রচন্ড এক শক্তি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নারীদের জন্য সমতা, অন্তর্ভুক্তি এবং সুযোগ তৈরি করা আমার কাছে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি, এবিসি টেলিভিশনে প্রচারিত আমেরিকার জনপ্রিয় অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’তে আমন্ত্রিত অতিথি জেলো ব্যাখ্যা করেন, কেন তিনি পরবর্তী ৮ বছরে ৬ লাখ ল্যাটিনা উদ্যোক্তাদের ছোট ব্যবসা গড়ে তুলতে গ্রামীণ আমেরিকা কর্তৃক ১৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষুদ্রঋণ প্রদানের পরিকল্পনাকে সাহায্য করছেন। ওই অনুষ্ঠানে জেলো ল্যাটিনা নারীদের উদ্যম এবং পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, “সত্যি বলতে আমি (উদ্যোক্তাদের জন্য) আমেরিকার কাঠামোটা পরিবর্তন করতে চাই। বিশেষ করে ল্যাটিনো নারীদের জন্য।”

ওই অনুষ্ঠানের আরেক আমন্ত্রিত অতিথি, গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট এবং সিইও আন্দ্রেয়া জুং জেনিফার লোপেজকে নিজেদের সাথে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, “আমরা একসাথে মিলে ব্যবসায়িক উদ্যোগকে ল্যাটিনা নারীদের জন্য সাফল্যের কার্যকর পথ হিসেবে রূপ দেবো। ওই নারীরা ঐতিহাসিকভাবেই আনুষ্ঠানিক আর্থিক বাজারের সুবিধা পান না।”

জেনিজার লোপেজের গ্রামীণ আমেরিকার সাথে যুক্ত হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে প্রচার করেছে আমেরিকার সব নামিদামি গণমাধ্যম। গত বৃহস্পতিবার জেলো গ্রামীণ আমেরিকার সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। জেনিফার লোপেজ ফোর্বসকে বলেন, “আগে ল্যাটিন সম্প্রদায় কেবল কিচেনে রান্নাবান্না করতো এবং গৃহস্থালি কাজকর্ম করতো।” তিনি জানান, তার মা কলেজে পড়তে পারেন নি এবং তিনি সন্তানদের নিয়ে ওই স্বপ্নই দেখতেন।

বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘দ্য হলিউড রিপোর্টার’ এর এক প্রতিবেদনে গ্রামীণ আমেরিকার বিবৃতি তুলে ধরা হয়েছেঃ গ্রামীণ আমেরিকা ক্ষুদ্রঋণ প্রকল্পে যোগদান করে জেনিফার লোপেজ ল্যাটিনা ব্যবসায়ী নারীদের আর্থিক স্বাধীনতা এবং সাক্ষরতার পথ বুঝতে সাহায্য করার মাধ্যমে তাদের মনোবল বাড়াবেন, অনুপ্রাণিত করবেন, সামনে এগিয়ে নিয়ে যাবেন।

উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ২০০৮ সালে গ্রামীণ আমেরিকা প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি অলাভজনক ক্ষুদ্রঋণ সংস্থা যা দারিদ্র্যের মধ্যে বসবাসকারী নারীদের ছোট ব্যবসা গড়ে তুলতে সাহায্য করার জন্য নিবেদিত। সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন করতে এবং যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করে থাকে। এখন পর্যন্ত গ্রামীণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ২৩ টি শহরে ১,৫০,৮০০ জন নারীকে সেবা দিয়েছে। সংস্থাটি ২.৬ বিলিয়ন ডলার সমপরিমাণ ঋণ বিতরণ করেছে এবং ১ লাখ ৫৭ হাজার চাকরির ব্যবস্থা করে সেগুলো বজায় রাখতে সাহায্য করেছে।

কিউএনবি/বিপুল/১৫.০৬.২০২২/ বিকাল ৫.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit