বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী রোববার। এদিন বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দু’টি বিমান হজযাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এর আগে শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করবেন। 

রাজধানীর আশকোনা হজক্যাম্পে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুক্ত হবেন বলে জানা গেছে। আর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী উপস্থিত থাকবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসলমান অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এ সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন। যদিও আগে প্রায় এক লাখ ২৭ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পেতেন। তবে এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।

হজের ব্যয় এবার বিগত বছরের চেয়ে অনেক বেশি। এ বছর সরকারিভাবে দু’টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা এবং প্যাকেজ-১ এ হজে যেতে পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা খরচ হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। 

ধর্ম মন্ত্রণালয়ের দাবি, সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এবার খরচ বেড়েছে। তবে হজের কোনো প্যাকেজেই কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। এ জন্য প্রত্যেক হজযাত্রীকে আরো ১৯ হাজার ৬৮৩ টাকা ব্যয় করতে হবে।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/সকাল ১০.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit