স্পোর্টস ডেস্ক : শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের আয়োজনে এতিম শিশুদের নিয়ে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নিয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেন, নাসির হোসাইন ও শফিউল ইসলামসহ আরও কয়েকজন ক্রিকেটার।
শান্ত-নিবাসের এতিম শিশুদের নিয়ে আয়োজিত এই শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠানে শিশুরা শুধু খেলা উপভোগই করেনি, জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের হাত থেকে খেলাধুলার উপহারসামগ্রীও পেয়েছে। পাশাপাশি শিশুদের বোলিং করিয়েছেন স্বয়ং নাসির ও রুবেল। প্রাণবন্ত এই আয়োজনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে শিশু থেকে শুরু করে উপস্থিত দর্শকেরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলামের নেতৃত্বে আসা ক্রিকেটারদের দলে আরও ছিলেন বিপিএল মাতানো মেহেদী রানা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় মার্শাল আয়ুব এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে খেলা আব্দুল হালিম।
প্রীতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি। ব্যাট হাতে মাঠে নামেন রুবেল ও নাসির। পাশাপাশি মার্শাল আয়ুবের ঝোড়ো ব্যাটিংয়ে ১২ ওভারে ১৪৮ রানের লক্ষ্য দাঁড় করায় নাসিরদের দল।
জবাবে অধিনায়ক পারভেজ ও ওপেনার শুভর ব্যাটিংয়ে দারুণ সূচনা করে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের দল। শেষ দিকে আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. রিয়ার হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। ম্যাচটি নিছক প্রীতি ম্যাচ হলেও মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশ।
ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ডিবিএ বিভাগের প্রধান অধ্যাপক ড. বেহযাদ নূর।
কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৩৮