স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদেই নিজের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান থিবো কোর্তোয়া। স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলা চালিয়ে যাওয়া এবং ক্লাবটির জার্সি গায়েই অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোর্তোয়া বলেন, আমার লক্ষ্য রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করা এবং এখান থেকেই অবসরে যাওয়া।
তবে সেই লক্ষ্য পূরণে নিজের ফিটনেস ধরে রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন এই গোলরক্ষক। তিনি বলেন, আমাকে শুধু সুস্থ থাকতে হবে। ক্লাব আমার ওপর যে আস্থা দেখিয়েছে, তাতে আমি খুশি। চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি দারুণ আনন্দিত।
রিয়াল মাদ্রিদের আস্থার প্রতিদান দিতে চান কোর্তোয়া। দীর্ঘমেয়াদি চুক্তি নবায়নের পর ক্লাবের প্রতি নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি।
২০১৮ সালে ইংলিশ ক্লাব চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন কোর্তোয়া। এরপর থেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। গোলবারের নিচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিকবার দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই বেলজিয়ান তারকা।
রিয়ালের হয়ে একাধিক শিরোপা জয়ের স্বাদ পাওয়া কোর্তোয়ার কাছে এখন ক্লাবটির সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করার পাশাপাশি এখানেই ক্যারিয়ার শেষ করার স্বপ্নই বড় হয়ে উঠেছে। অবশ্য সেই স্বপ্ন বাস্তবায়নে সুস্থতা ও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।
কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৩২