আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নিরাপত্তার জন্য বিদ্যমান গুরুতর হুমকিগুলোকে খাটো করে দেখার বিরুদ্ধে সতর্ক করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট মন্তব্য করার পরপরই তার এ বক্তব্য এল।
ইসরায়েলের পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘যারা আমাদের চারপাশে থাকা তাৎক্ষণিক, গুরুতর ও ভয়াবহ হুমকিগুলোকে তুচ্ছ করে দেখেন বা গুরুত্ব কমিয়ে উপস্থাপন করেন, তারা রাজনৈতিক স্বার্থেই এমনটি করেন।’
একই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। অন্যদিকে, আইজেনকট নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এর আগে আইজেনকট বলেন, ইরান ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর হুমকি হলেও এই মুহূর্তে দেশটির বিরুদ্ধে এমন কোনও সরাসরি ও তাৎক্ষণিক হুমকি নেই, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নিতে হবে।
ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে তিনি সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন।
আইজেনকটের ওই বক্তব্যের পর নেতানিয়াহুর মন্তব্য ইরানকে ঘিরে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য সামনে এনেছে। একই সময়ে নতুন সরকার গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সূত্র: আল-জাজিরা
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩০