সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯ ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের লিবিয়া কী রাশিয়া-ইউক্রেনের নতুন রণক্ষেত্র? তদন্ত চায় জাতিসংঘ নিউরো সায়েন্সেস হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসককে পদায়ন কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন ওমানে দুই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৪

‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের জনগণের আস্থা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তার দাবি, অর্থনৈতিক চাপ, মনস্তাত্ত্বিক যুদ্ধ ও অপতথ্য ছড়িয়ে ইরানে হতাশা ও অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে ওয়াশিংটন ও তার মিত্ররা।

রবিবার (২২ নভেম্বর) তেহরান অঞ্চলের আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী আধাসামরিক মিলিশিয়া ‘বাসিজ বাহিনী’র কমান্ডার ও সদস্যদের এক সমাবেশে এসব কথা বলেন ইজাদি।

তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন সামাজিক স্থিতিশীলতা দুর্বল করা, হতাশা তৈরি, অর্থনৈতিক চাপ বাড়ানো, মানুষের চিন্তাভাবনা ও মতামতকে প্রভাবিত করা এবং দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।’

ইজাদি জানান, সামগ্রিক প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করার যুদ্ধ ও মনস্তাত্ত্বিক তৎপরতা মোকাবিলা করা আইআরজিসি ও বাসিজ বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার।

সমাবেশে ‘জিহাদে তাবইন’ বা সত্য ও সঠিক তথ্য তুলে ধরার গুরুত্বও উল্লেখ করেন তিনি। ইরানি কর্মকর্তাদের ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে অপতথ্য মোকাবিলা, বিকৃত বয়ান সংশোধন ও জনগণের সচেতনতা বাড়ানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জনমত প্রভাবিত করার প্রচেষ্টা ঠেকাতে বাসিজ বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

কী উদ্যোগ নিচ্ছে তেহরান
আইআরজিসি ও বাসিজ বাহিনীর কয়েকটি ভবিষ্যৎ অগ্রাধিকারের কথাও তুলে ধরেন ইজাদি। এর মধ্যে রয়েছে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো, স্থানীয় নিরাপত্তা জোরদার, সামরিক ইউনিটগুলোর প্রস্তুতি বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ।

পাশাপাশি সাধারণ মানুষের সামাজিক চাহিদা পূরণ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা, সামাজিক সংহতি বৃদ্ধি এবং জনগণের আস্থা শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।

তেহরানে বাসিজ বাহিনীর কার্যক্রমের চিত্র তুলে ধরে ইজাদি জানান, তাদের বিভিন্ন কর্মসূচিতে প্রায় সাড়ে চার লাখ মানুষ অংশ নিচ্ছেন। এ ছাড়া প্রায় ৫০০টি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও সুরক্ষায় জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এসব সক্ষমতার কথা উল্লেখ করেন তিনি।

প্রতিরক্ষা প্রস্তুতিতে জোর
ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ইজাদি বলেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা, নৌ ও স্থলবাহিনীর সক্ষমতা ধরে রাখা এবং তা আরও শক্তিশালী করা জরুরি। তার মতে, গত ৪৭ বছরে জনগণের অংশগ্রহণ ও নিজস্ব সক্ষমতার ওপর ভর করেই ইরান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধ, সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) বিরুদ্ধে লড়াই এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন আইআরজিসির এই উপপ্রধান। বহিঃশত্রুর হুমকি মোকাবিলায় ইরানের জনগণ ও বাসিজ বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং লেবানন, ইয়েমেন, ইরাক ও ফিলিস্তিনে প্রতিরোধ ফ্রন্টের ভূমিকার কথা তুলে ধরেন ইজাদি।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বক্তব্যে ইজাদি বলেছিলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও দেশের ভেতরে অস্থিরতা উসকে দিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা হয়েছিল। তবে দেশটির জনগণের মনোবল ভাঙতে পারেনি। জাতীয় ঐক্য ও জনগণের সমর্থনকে ইরানের শক্তির বড় উৎস হিসেবে উল্লেখ করেন তিনি। আবারও আহ্বান জানান, অর্থনৈতিক সমস্যা সমাধান এবং অভ্যন্তরীণ সংকটকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টির শত্রুপক্ষের প্রচেষ্টা ঠেকানোর।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। ইরানি কর্মকর্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তাদের দাবি, এসব হামলায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তদারকিতে থাকা পারমাণবিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে।

বেসামরিক নাগরিকদের ওপর এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনাও রয়েছে, যেখানে বহু শিশু নিহত হয়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এ ঘটনাকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য অপরাধ’ বলে অভিহিত করেছেন। নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তবে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী ইংরেজি নববর্ষের পর ইরানে পুনরায় হামলা শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র: প্রেস টিভি, ফক্স নিউজ

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit