সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় এক ডজন মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) সকালে কিয়েভের উত্তরে ডাইমার গ্রামের পাঁচতলা ভবনটিতে এ হামলা চালানো হয়। এতে ভবনটি পুরোপুরি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা এক শিশুসহ ৯ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। এছাড়া আহত অবস্থায় আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১১ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছিল। সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের কয়েকজনের স্বজন ও কাছাকাছি এলাকার বাসিন্দা মাইকোলা ওসাদনি জানান, বিস্ফোরণের শব্দে তিনি বিছানা থেকে ছিটকে পড়েন। তার শ্বশুর তখন চিৎকার করে বলছিলেন, ‘আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি!’

ওলেনা খারকাভলিউক নামের আরেক বাসিন্দা জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের মধ্যে তার মেয়ের এক সহপাঠী ও ওই সহপাঠীর মা রয়েছেন।

কালিনিনগ্রাদে হামলার সতর্কতা 

এদিকে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার কাছে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে বিরল বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। সেখানকার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটির কাছে ড্রোন ওড়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর এই সতর্কতা দেওয়া হয়।

শনিবার গভীর রাতে কালিনিনগ্রাদে সতর্কতা জারি করা হয়। এর কয়েক ঘণ্টা আগেই ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় কালিনিনগ্রাদগামী রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে যায়। রবিবারও ফিনল্যান্ডের জরুরি সেবা বিভাগ জাহাজটির আগুন নেভানোর চেষ্টা করছিল।

কালিনিনগ্রাদ রাশিয়ার বাল্টিক নৌবহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিওতে বাল্টিয়স্ক শহরের আশপাশে ড্রোনের তৎপরতা দেখা গেছে। ওই শহরে রুশ নৌবহরের বড় একটি অংশ মোতায়েন রয়েছে। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাৎক্ষণিকভাবে এসব ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর এই প্রথম কালিনিনগ্রাদে বিমান হামলার সাইরেন শোনা গেল।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানান, লিথুয়ানিয়ার দিক থেকে আসা একটি ‘সন্দেহজনক বস্তুর কারণে’ লিথুয়ানিয়া সীমান্তের কাছে নেমানস্কি জেলায় সতর্কতা জারি করা হয়। এলাকাটি বাল্টিয়স্ক থেকে প্রায় ১৭০ কিলোমিটার বা ১০৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারই ধারাবাহিকতায় চলতি শীতের শুরুতে ইউক্রেনের বিভিন্ন এলাকা ও আবাসিক স্থাপনায় নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। সম্প্রতি রাশিয়ার ভেতরে এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ আরও বাড়িয়েছে রুশ বাহিনী। ডাইমারের ওই আবাসিক ভবনে হামলার বিষয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইউক্রেন এটিকে বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত আগ্রাসনের অংশ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: এপি

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit