সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে ইরানের হামলা বেড়েছে, অক্টোবরে সর্বোচ্চ রেকর্ড যুক্তরাষ্ট্রে বিমান, ব্যাংক ও প্রযুক্তিসেবায় বিপর্যয়, কারণ কী? লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব

হরমুজ প্রণালিতে ইরানের হামলা বেড়েছে, অক্টোবরে সর্বোচ্চ রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অক্টোবরে এই অঞ্চলে ৩০টির বেশি হামলার খবর পাওয়া গেছে। নভেম্বরেও হামলা অব্যাহত রয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য পরিচালনা কেন্দ্রের (ইউকেএমটিও) কাছে অক্টোবরে ৩০টির বেশি হামলার খবর আসে। রোববার (২২ নভেম্বর) পর্যন্ত চলতি মাসে অন্তত ২২টি হামলার তথ্য পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সংখ্যা। 

এর আগে অঞ্চলটিতে প্রতি মাসে গড়ে প্রায় ১০টি হামলার খবর পাওয়া যেত। এই হিসাবের মধ্যে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ঘটনা রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের চেষ্টা শুরু করে ইরান। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। 

যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে জাহাজ চলাচল ২০২৫ সালের তুলনায় কম রয়েছে। এদিকে, শুক্রবার ও শনিবার হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় তিনটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান মারিস্কস।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, শুক্রবার মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘ক্যাপ্টেন লিওন’ জাহাজের সামনের অংশে আঘাত লাগে। এতে আগুন ধরলেও নাবিকেরা নিরাপদ ছিলেন। শনিবার হংকংয়ের পতাকাবাহী ‘টরকেল’ জাহাজের পেছনের অংশে হামলার পর আগুন লাগে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে একই পতাকাবাহী ‘আরিনা’ জাহাজের ইঞ্জিনকক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। 
 
মারিস্কসের ধারণা, এসব হামলায় ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় বিশ্ববাজারে দাম কমেছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের আশঙ্কা, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ডিসেম্বরের মাঝামাঝি ইরানের তেল বিক্রির আয় শূন্যে নেমে আসতে পারে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমায় হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব দুর্বল হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায়ে দেশটি হামলা আরও বাড়াতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/সকাল ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit