সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

হরমুজে ক্ষেপণাস্ত্র ও আগুনের মাঝেই তিন দিন সাঁতার কাটলেন লুইস পিউ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা ও জ্বলন্ত জাহাজের ঝুঁকি উপেক্ষা করে টানা তিন দিন সাঁতরে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছেন ব্রিটিশ পরিবেশকর্মী লুইস পিউ। প্রায় ১৫ কিলোমিটার উত্তাল সমুদ্রপথ পাড়ি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধের কারণে পরিবেশের ক্ষয়ক্ষতির বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি।

৫৬ বছর বয়সী লুইস পিউ জাতিসংঘের সমুদ্রবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন। তাঁর মতে, যুদ্ধে মানুষের প্রাণহানি ও দুর্ভোগের পাশাপাশি প্রকৃতিও ভয়াবহ ক্ষতির শিকার হয়। তবে যুদ্ধের কারণে পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতির বিষয়টি প্রায়ই আড়ালে থেকে যায়।

ইংল্যান্ডের প্লাইমাউথে জন্ম নেওয়া এই পরিবেশকর্মীর অভিযান ছিল বেশ ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালির মুসান্দাম দ্বীপ থেকে সাঁতার শুরু করে ওমানের মুসান্দাম উপদ্বীপের উত্তর প্রান্তে কেপ অব হরমুজে পৌঁছান তিনি।

অভিযানের প্রথম দিনেই বিপদের মুখে পড়েন লুইস পিউ। তাঁর অবস্থান থেকে মাত্র চার কিলোমিটার দূরে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সেই বিস্ফোরণের মধ্যেও সাঁতার অব্যাহত রাখেন তিনি।

দ্বিতীয় দিনের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই দিন ‘তারা গ্যাস’ নামের একটি এলপিজিবাহী জাহাজে আগুন জ্বলতে দেখেন তিনি। জাহাজটির খুব কাছ দিয়েই সাঁতরে যেতে হয় তাঁকে।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে পিউ বলেন, আগুনের শিখা দেখে প্রথমেই তাঁর মনে হয়েছিল, জাহাজের ভেতরে থাকা নাবিকদের কী অবস্থা হচ্ছে। তাঁর আশঙ্কা, এ ধরনের জাহাজে হামলার পরিণতি শুধু নাবিকদের জীবনহানিতেই সীমাবদ্ধ থাকে না, আশপাশের সামুদ্রিক পরিবেশও ধ্বংস হতে পারে।

লুইস পিউয়ের মতে, যুদ্ধের কারণে ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ার পাশাপাশি অসংখ্য মানুষের জীবন বিপর্যস্ত হয়। কিন্তু যুদ্ধের আরেকটি বড় শিকার প্রকৃতি। সংঘাত শেষ হওয়ার পরও পরিবেশের ক্ষত দীর্ঘদিন থেকে যায়।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ জলপথ। একই সঙ্গে এটি সামুদ্রিক জীববৈচিত্র্যেরও গুরুত্বপূর্ণ আবাসস্থল। এখানে ডুগং, সামুদ্রিক কচ্ছপ ও তিমি হাঙরের মতো প্রাণীর বসবাস।

পিউয়ের আশঙ্কা, যুদ্ধের কারণে জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেল ও বিষাক্ত রাসায়নিক সমুদ্রের বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি করতে পারে। এর দীর্ঘমেয়াদি প্রভাবে প্রবালপ্রাচীর, সামুদ্রিক ঘাসের তৃণভূমি ও উপকূলীয় ম্যানগ্রোভ বন ধ্বংসের ঝুঁকি রয়েছে।

এই অভিযানের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালি আবারও সবার জন্য উন্মুক্ত করা এবং সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত সামুদ্রিক পরিবেশ পুনরুদ্ধারে বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন লুইস পিউ।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/সকাল ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit