সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতা ইউরোপের সব দেশের জন্য হুমকি : গার্ডিয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে মত দিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ভাষ্যকার স্টিভ ব্লুমফিল্ড। তার বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনও মহাদেশটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এস্তোনিয়ার উদাহরণ তুলে ধরে ব্লুমফিল্ড লিখেছেন, ১৯৪০ সালে সোভিয়েত দখলের পর দীর্ঘ ৫১ বছর দেশটি স্বাধীনতা হারিয়েছিল। এখন রাশিয়ার সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষার জন্য ন্যাটো জোটকে গুরুত্বপূর্ণ মনে করে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাহকনা বলেছেন, এস্তোনিয়ার সমাজে ভয় তৈরি করাই বিভিন্ন ধরনের হামলা ও হস্তক্ষেপের উদ্দেশ্য। তার মতে, ন্যাটোর সদস্য না হলে দেশটির স্বাধীনতা রক্ষা কঠিন হতো।

ব্লুমফিল্ডের ভাষ্য অনুযায়ী, পুতিন চান ন্যাটো পূর্ব ও মধ্য ইউরোপ থেকে সেনা ও সামরিক ঘাঁটি সরিয়ে ১৯৯৭ সালের অবস্থানে ফিরে যাক। তিনি ইউক্রেন নিয়ে যেকোনো চুক্তির সঙ্গে ইউরোপের নিরাপত্তাব্যবস্থার বৃহত্তর সমঝোতাও যুক্ত করতে চাইছেন। ট্রাম্পও সম্প্রতি বলেছেন, সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনের বাইরে গোটা ইউরোপের বিষয় অন্তর্ভুক্ত হতে পারে। ব্লুমফিল্ডের আশঙ্কা, এতে ইউরোপীয় দেশগুলোর নিজেদের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

তার মতে, ইউরোপে কয়েকটি ডানপন্থী দলের উত্থান পরিস্থিতিকে আরও জটিল করছে। ফ্রান্সের মারিন লো পেন ইউক্রেনে আর্থিক সহায়তা বন্ধের কথা বলেছেন। জার্মানির অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ডের সহনেত্রী আলিস ভাইডেলও দেশটিকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন। যুক্তরাজ্যের নাইজেল ফারাজ অতীতে পুতিনের প্রশংসা করেছেন এবং ইউক্রেনকে পশ্চিমা সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছেন। অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইউক্রেনের জন্য ইউরোপীয় সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নিচ্ছেন।

ব্লুমফিল্ডের মতে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র ও আলোচনার টেবিলের পাশাপাশি ইউরোপের নির্বাচনের ফলও মহাদেশটির ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। ইউক্রেনের প্রতি সমর্থনবিরোধী নেতারা ক্ষমতায় এলে ট্রাম্প ও পুতিনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/সকাল ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit