আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত নয় লিবিয়া। দেশটি এই সংঘাতের কোনো পক্ষও নয়। অথচ গতকাল দেশটির উপকূলে রাশিয়ার একটি জাহাজসহ দুটি নৌযানে ড্রোন হামলা হয়েছে। এর আগেও লিবিয়ার উপকূলে রাশিয়ার আরেকটি জাহাজে হামলার ঘটনা ঘটে। পরপর এসব হামলায় লিবিয়া অন্য দেশের যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হামলার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
রবিবার (২২ নভেম্বর) লিবিয়ার বেনগাজি বন্দর শহরের অদূরে দুটি নৌযানে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর হামলা জোরদারের প্রেক্ষাপটেই এ ঘটনা ঘটল। ধারণা করা হচ্ছে, কিয়েভ এই হামলায় জড়িত।
লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে দ্রুত স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিশনটি লিখেছে, ‘বিদেশি সংঘাতের রণক্ষেত্র হয়ে ওঠার মতো সামর্থ্য লিবিয়ার নেই। সেটি ঘটতে দেওয়াও উচিত নয়।’
কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার একটি জাহাজ ও অন্য একটি নৌযানে ড্রোন আঘাত হানার পর নাবিকদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দ্বিতীয় নৌযানটি কোন দেশের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি মাল্টার পতাকাবাহী ছিল।
এদিকে লিবিয়ার আলহাদাথ টেলিভিশনের খবরে বলা হয়েছে, বেনগাজি উপকূলে দেশটির নৌ ও বিমানবাহিনী বিস্ফোরকবোঝাই ১২টির বেশি সামুদ্রিক ড্রোন প্রতিহত করেছে।
এর আগে শনিবার পূর্ব বাল্টিক সাগরে ফিনল্যান্ডের জলসীমার কাছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন আঘাত হানে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ওই হামলা চালিয়েছিল ইউক্রেন।
রবিবারের হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন। তবে তারা বলেছে, লিবিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয়।
রুশ জাহাজে বিস্ফোরণ ও ‘ছায়া নৌবহর’
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, লিবিয়ার একটি নৌঘাঁটির গোলাবারুদের গুদামে আগুন লেগেছে। তবে পরে দেশটির পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানায়, বন্দরে নোঙর করা রাশিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বন্দরে যাত্রাবিরতি করেছিল। পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথভাবে এ ঘটনার তদন্ত করা হবে।
অন্যদিকে, ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-সমর্থিত সরকার এক বিবৃতিতে বলেছে, বাইরের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনা ব্যবহারের ফলে তৈরি হওয়া ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন।
গত মার্চেও লিবিয়ার উপকূলে হামলার পর রাশিয়ার একটি তরল প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ ডুবে যায়। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাহাজটি রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ অংশ ছিল বলে জানা গেছে।
এসব জাহাজ পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্বজুড়ে রাশিয়ার তেল ও গ্যাস পরিবহন করে। গত ডিসেম্বরসহ বিভিন্ন সময়ে মস্কোর এই ছায়া নৌবহরে হামলার কথা স্বীকার করেছে ইউক্রেন।
ত্রিপোলি সরকার জানিয়েছে, লিবিয়াকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র বানানোর যেকোনো চেষ্টা তারা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে পারে, এমন কোনো সামরিক বা লজিস্টিক কর্মকাণ্ডে দেশের ভূখণ্ড ব্যবহারের বিরোধিতা করে তারা।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই সহিংসতা ও অস্থিতিশীলতায় জর্জরিত লিবিয়া। দেশটি এখনো রাজনৈতিক ও প্রশাসনিকভাবে বিভক্ত। পশ্চিমাঞ্চলে ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। অন্যদিকে, পূর্বাঞ্চলে রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রশাসন, যাদের সমর্থন দেয় সামরিক কমান্ডার খলিফা হাফতারের বাহিনী।
২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে স্থায়ী রাজনৈতিক সমাধান আসেনি। ২০২১ সালের নির্বাচন স্থগিত হওয়ার পর থেকে এই অচলাবস্থা চলছে। একীভূত বাজেট ও নির্বাচন আয়োজনের রোডম্যাপ নিয়ে আলোচনা হলেও এখনো কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো যায়নি।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে ইউক্রেন। হামলায় একটি আবাসিক ভবন ও একটি সুপারমার্কেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে চলা এই যুদ্ধে ইতোমধ্যে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
সূত্র: এএফপি
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/দুপুর ২:২০