ডেস্ক নিউজ : দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। আগামীতেও তারা এ কাজ অব্যাহত রাখবেন।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে শত্রু বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। ত্রিমুখী এই অভিযান মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করে এবং ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন হয়।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাড়াও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন আসনের সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যান্ড ড্রিল পরিবেশনা ও আকর্ষণীয় মহড়া দিবসটির উদযাপনে বিশেষ মাত্রা যোগ করে।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪