ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আনন্দ নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই রাউন্ড গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সম্প্রতি আনন্দের বাড়িতে ধর্মীয় কীর্তনের আয়োজন করা হয়। সেখানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী শ্রীরামের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল। তবে তার আগেই মোটরসাইকেলে করে শ্রীরামসহ দুজন এসে আনন্দকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে দুটি গুলি তাঁর শরীরে লাগে।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪৯