ডেস্ক নিউজ : কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে মালয়েশিয়াগামী ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তারা মানবপাচারকারীদের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
শুক্রবার গভীর রাতে লাবণী পয়েন্ট-সংলগ্ন সৈকতে একটি ট্রলার থেকে এসব ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, টেকনাফ থেকে তাদের ট্রলারে তোলা হয় এবং কয়েকদিন সাগরে রাখার পর মালয়েশিয়ায় নেওয়ার কথা ছিল। তবে মাঝপথে ট্রলারটি কক্সবাজার উপকূলে পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধার হওয়া কয়েকজন দাবি করেছেন, ট্রলারে আরও যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানবপাচারচক্রকে শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নিখোঁজ থাকার দাবির বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ১২:০৬