শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বন্ডে বিনিয়োগে কতটা লাভ, যেসব বিষয় জানা জরুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : সঞ্চয়ের টাকা কোথায় বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে এ নিয়ে অনেকেরই চিন্তা থাকে। ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) ও সঞ্চয়পত্রের পাশাপাশি বিনিয়োগের আরেকটি মাধ্যম হলো বন্ড। নির্দিষ্ট মেয়াদে অর্থ বিনিয়োগ করে মুনাফা পাওয়ার সুযোগ থাকায় এ মাধ্যমটি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। তবে, বন্ডে বিনিয়োগের আগে মুনাফার হার, কর, ঝুঁকি ও মেয়াদপূর্তির আগেই টাকা তোলার সুযোগ সম্পর্কে ধারণা থাকা জরুরি।

সম্প্রতি বিভিন্ন ব্যাংক বন্ড ইস্যু করেছে। জিরো-কুপন বন্ডে নির্দিষ্ট বিরতিতে সুদ দেওয়া হয় না। অভিহিত মূল্যের চেয়ে কম দামে কিনে মেয়াদ শেষে পুরো মূল্য পাওয়ার মাধ্যমেই মুনাফা আসে। বন্ডের বড় সুবিধা হলো, অনেক ক্ষেত্রে বিনিয়োগের মেয়াদ ও মুনাফার শর্ত আগে থেকেই নির্ধারিত থাকে। ফলে, সম্ভাব্য আয় হিসাব করা সহজ হয়। তবে সব বন্ডের মুনাফা বা ঝুঁকি এক নয়। সরকারি বন্ড, ব্যাংকের বন্ড ও বেসরকারি প্রতিষ্ঠানের বন্ডের মধ্যে পার্থক্য রয়েছে।

এফডিআর বা সঞ্চয়পত্রের সঙ্গে তুলনা করার সময় শুধু ঘোষিত মুনাফার হার দেখলে হবে না। কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রকৃত আয় কত থাকবে, সেটিও হিসাব করতে হবে। পাশাপাশি বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাই করা জরুরি। বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে করের বিষয়টি গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, তাদের গ্রিন বন্ডের মুনাফার ওপর অগ্রিম আয়কর প্রযোজ্য হবে না। এছাড়া, শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রচলিত বিধি অনুযায়ী কর রেয়াতের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। তবে, বিনিয়োগের আগে কর-সুবিধার শর্ত ও প্রযোজ্য বিধিবিধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া উচিত।

বন্ডে নির্ধারিত মুনাফার প্রতিশ্রুতি থাকলেও এটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। ইস্যুকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ হলে মুনাফা ও আসল ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশেষ করে জামানতহীন করপোরেট বন্ডের ক্ষেত্রে ইস্যুকারীর ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করা গুরুত্বপূর্ণ। এছাড়া, বাজারে সুদের হার বাড়লে আগে ইস্যু করা বন্ডের বাজারমূল্য কমতে পারে। মেয়াদ শেষ হওয়ার আগে বিক্রি করতে হলে প্রত্যাশিত মুনাফার চেয়ে কম অর্থ পাওয়া কিংবা লোকসানের আশঙ্কা থাকে।

সরকারি ট্রেজারি বন্ড কেনা যায় বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত ডিলার ব্যাংকের মাধ্যমে। এজন্য সংশ্লিষ্ট ব্যাংকে হিসাব খুলে বিনিয়োগের নিয়ম জানতে হবে। অন্যদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ড কিনতে বিও হিসাব প্রয়োজন। সব মিলিয়ে বন্ডে বিনিয়োগের আগে মুনাফার হার, মেয়াদ, কর-সুবিধা, ইস্যুকারীর আর্থিক সক্ষমতা এবং প্রয়োজনে বিক্রির সুযোগ যাচাই করা উচিত। শুধু বেশি মুনাফার আশায় বিনিয়োগ না করে নিজের আর্থিক প্রয়োজন ও ঝুঁকি নেওয়ার সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit