শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাজ্জাদুল হাসান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাসায় অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নেত্রকোণা -৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাজ্জাদুল হাসান, মোহনগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্ত সহ নেতৃবৃন্দের বাসায় সোমবার রাতে একদল দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে।
হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুঠপাট করেছে বলে জানা গেছে। এঘটনায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে লিখেছেন – আমার বাসাটা এভাবে তছনছ করলো! কার কাছে বিচার দিব? কী অন্যায় ছিলো আমার? জানামতে আমি তো কোন দিন কারো কোন ক্ষতি করি নাই। সারা জীবন সাহিত্য সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থেকে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলেছি। হ্যাঁ একটা অপরাধ (?) আছে- আমি আওয়ামীলীগ করি। একারণে আমার বাসায় তিনবার হামলা হলো।
এইবার আর কিছুই রাখে নাই। স্টিল আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার টাকা নিয়ে গেছে। থালা বাটি কাপড় চোপড় হজ্বে গিয়ে আনা সৌখিন জিনিসপত্র এমনকি ফ্রিজে রাখা মাছ মাংস সবই লুটপাট করে নিয়ে গেছে। টিভি ফ্রিজ সুকেস আসবাবপত্র ফার্নিচার বার্থ রুমের কমোড গুলোও ভেঙ্গেছে। পরিশেষে বলবো- এসব অশুভ লক্ষণ, অশনি সঙ্কেত। সন্ত্রাস লুটপাট হানাহানি যেই কোন দলের জন্য সুখকর নয়।
সময় থাকতে লাগাম টেনে ধরুন। আমাদের মনে রাখা উচিত ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। জানতে চাইলে আজ মঙ্গলবার (১০নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান – কে বা কারা বাসার গেইটে সামান্যতম হামলা চালিয়েছে। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০