বিনোদন ডেস্ক : আসাদ নূরের সঙ্গে সম্পর্কের নানা আলোচনা ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বন্ধের আহ্বান জানিয়েছেন তার দীর্ঘদিনের বান্ধবী বিয়াস বাসু। তাদের মধ্যে বন্ধুত্ব, আবেগের সম্পর্ক ও বিচ্ছেদের বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, ২০২২ সালেই তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১১ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক বিয়াস বাসু এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে বিয়াস বসু জানান, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ২০১৭ সালে তাদের দেখা হলেও বিশেষ ব্যক্তিগত কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্ব ভেঙে যায়। একই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেফতার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ। বিমানবন্দর থেকে তিনি বিয়াসকে ফোন করেন। পরে কারাগার থেকে হাতে লেখা চিঠিও পাঠান।
বিয়াস বলেন, মানবিক তাগিদ থেকেই তিনি বাংলাদেশে গিয়ে আসাদকে কারামুক্ত করার চেষ্টা করেন। মুক্তির কিছুদিন পর আবারও গ্রেফতার হলে তাকে ছাড়াতে ফের বাংলাদেশে যান। এভাবে বেশ কয়েকবার বাংলাদেশে গিয়ে আসাদের মুক্তির চেষ্টা করেন তিনি। একপর্যায়ে মুক্তি পেয়ে আসাদ কলকাতায় যান। তবে নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও কারাগারে যেতে হয় তাকে।
দীর্ঘ এই সময়ে আসাদের সঙ্গে তার একধরনের আবেগের সম্পর্ক তৈরি হয়েছিল বলে মনে করেন বিয়াস। তার ভাষায়, ছয় বছরের বন্ধুত্বের মধ্যে দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন। বাকি সময়ের বড় একটি অংশ কেটেছে করোনাকালে।
নিজেদের সম্পর্কের ব্যাখ্যায় বিয়াস স্পষ্ট করেন, আসাদের সঙ্গে তার কখনো বিয়ে বা একসঙ্গে লিভ টুগেদারের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে যোগাযোগ ও ভালো বন্ধুত্ব ছিল। তবে আবেগের সম্পৃক্ততা এবং আসাদের ওপর নিজের নির্ভরশীলতা তৈরি হয়েছিল বলে স্বীকার করেন তিনি। বিয়াস জানান, ব্যক্তিগত বিষয়ে মতবিরোধের কারণে ২০২২ সালে তাদের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অতীত সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে বিয়াস বলেন, মানুষের জীবনে বন্ধুত্ব আসে, ভেঙে যায়; প্রেম ও সম্পর্কও তৈরি হয়, আবার শেষ হয়। এসব জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিকভাবে তুলে ধরে বছরের পর বছর আলোচনা করাকে তিনি অস্বাভাবিক মানসিকতা বলে মনে করেন।
তিনি আরও বলেন, ২০২৬ সালে এসে ২০২০ সালে তার প্রাক্তন কে ছিলেন, কেন প্রাক্তন হয়েছেন কিংবা তিনি বর্তমান না প্রাক্তন— এসব নিয়ে অযথা আলোচনা ও নোংরামি বন্ধ করা উচিত। কার সঙ্গে কার সম্পর্ক ছিল বা আছে, তা নিয়ে পড়ে থাকাকে মধ্যযুগীয় মানসিকতা বলেও মন্তব্য করেন তিনি।
ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে প্রশ্ন করে বিব্রত না করার অনুরোধ জানিয়ে বিয়াস বলেন, তিনি নিজের জীবনে ভালো আছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। তার জীবনে মানুষের চেয়ে প্রাণীদের গুরুত্ব বরাবরই বেশি। পোস্টের শেষে আসাদ নূরের জন্য শুভকামনা জানিয়ে বিয়াস লেখেন, তার জীবন সুন্দর হোক, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৫