মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

পারিবারিক রেস্তোরাঁর ঐতিহ্য ফিরিয়ে আনতে রাঁধুনি হলেন হলিউড তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : অভিনয়, সংগীত ও কৌতুক- বিভিন্ন পরিচয়ে দর্শকদের কাছে পরিচিত হলিউড তারকা অ্যাওকাফিনা। এবার নতুন এক চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। পরিবারের পুরোনো রেস্তোরাঁর ঐতিহ্য ফিরিয়ে আনতে রান্না শেখার পাশাপাশি নিজেই রেস্তোরাঁ চালুর উদ্যোগ নিয়েছেন এই মার্কিন অভিনেত্রী। 

রান্নার অভিজ্ঞতা প্রায় শূন্য থেকে শুরু করে কীভাবে একটি রেস্তোরাঁ চালানোর প্রস্তুতি নিলেন, সেই যাত্রা উঠে এসেছে তার নতুন তথ্যচিত্রধর্মী ধারাবাহিক ‘অ্যাওকাফিনা: দ্য আনলাইকলি কুক’-এ। আট পর্বের এই ধারাবাহিকটি গত ৬ নভেম্বর অ্যাপল টিভিতে মুক্তি পেয়েছে। এতে দেখা যায়, রান্নার প্রাথমিক ধারণা থেকে শুরু করে জটিল সব পদ তৈরি এবং রেস্তোরাঁ পরিচালনার নানা বিষয় শিখছেন অ্যাওকাফিনা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঘুরে রন্ধনশিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পাশাপাশি শিখেছেন খাবারের তালিকা তৈরি, কর্মী নির্বাচন, রেস্তোরাঁর পরিচিতি ও সাজসজ্জা নির্ধারণের মতো ব্যবসায়িক বিষয়ও।
অ্যাওকাফিনার প্রকৃত নাম নোরা লাম। তার পরিবারের রয়েছে রেস্তোরাঁ ব্যবসার দীর্ঘ ইতিহাস। নিউইয়র্কের কুইন্সে তাদের পরিবারের পরিচালিত ক্যান্টনিজ রেস্তোরাঁ ‘লামস’ একসময় বেশ জনপ্রিয় ছিল। প্রায় চার দশক ব্যবসা করার পর ১৯৯০-এর দশকে এটি বন্ধ হয়ে যায়। পরিবারের সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ইচ্ছা থেকেই নতুন উদ্যোগের পরিকল্পনা করেন তিনি।
নিজের পরিবারের রান্নার ঐতিহ্য সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন অ্যাওকাফিনা। টেক্সাসে গিয়ে পরিবারের পুরোনো রেসিপির আদলে বারবিকিউ স্পেয়ার রিবস তৈরির কৌশল শিখেছেন। হাওয়াইয়ে গিয়ে পরিচিত হয়েছেন দ্বীপটির খাবার ও পানীয় সংস্কৃতির সঙ্গে। সান ফ্রান্সিসকোতে শিখেছেন পেকিং ডাক তৈরির পদ্ধতি। বিখ্যাত রন্ধনশিল্পী মার্টিন ইয়ানের কাছ থেকে শিখেছেন চিকেন চাওমিন রান্না।
এ ছাড়া লস অ্যাঞ্জেলেসের একটি চীনা রেস্তোরাঁয় পরিবেশনকর্মী হিসেবেও কাজ করেছেন তিনি। রন্ধনশিল্পী রয় চয়ের কাছ থেকে শিখেছেন কোরীয় ধাঁচের ডাম্পলিং তৈরি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের এশীয়-আমেরিকান খাবারের বৈচিত্র্য ও অভিবাসী পরিবারগুলোর খাদ্যসংস্কৃতিও তাঁর এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
এই উদ্যোগের প্রথম বড় পরীক্ষা ছিল ম্যানহাটনে এক রাতের জন্য পরিবারের পুরোনো রেস্তোরাঁ ‘লামস’-এর বিশেষ আয়োজন। সেখানে প্রায় ৫০ জন অতিথিকে খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল পরিবারের ঐতিহ্যবাহী কিছু পদ, পাশাপাশি অ্যাওকাফিনার নিজের পছন্দ ও নতুন ভাবনার সংমিশ্রণ। আয়োজনটির জন্য একটি পিৎজার দোকানকে সাময়িক রেস্তোরাঁয় রূপ দেওয়া হয়েছিল।
অ্যাওকাফিনা জানিয়েছেন, রান্না নিয়ে তাঁর আগ্রহ আগে তেমন ছিল না। বন্ধুদের রান্না করতে দেখলেও নিজেকে কখনো সেই জগতের অংশ বলে মনে হতো না। কিন্তু নতুন এই অভিজ্ঞতা তাঁর ধারণা বদলে দিয়েছে। এখন অসুস্থ বোধ করলে নিজের জন্য স্যুপ রান্না করার কথাও ভাবেন তিনি। আগে রান্নার কথা ভাবতেই অস্বস্তি হতো, অথচ এখন খাবারের উপকরণ বাছাই থেকে শুরু করে রান্নার স্বাদ ও পরিবেশনা- সবকিছুতেই আগ্রহ তৈরি হয়েছে।
পরিবারের ঐতিহ্যের সঙ্গে এই উদ্যোগের আবেগী সম্পর্কও রয়েছে। ছোটবেলায় মাকে হারানোর পর বাবা ও দাদির কাছেই বড় হয়েছেন অ্যাওকাফিনা। পরিবারের পুরোনো খাবারগুলো নতুন করে তৈরি করার মধ্য দিয়ে পূর্বপুরুষদের সঙ্গে এক ধরনের সংযোগ অনুভব করেন তিনি। তাঁর ভাষায়, খাবার তৈরি করা ভালোবাসা প্রকাশেরও একটি উপায়।
ধারাবাহিকটির নির্বাহী প্রযোজক ডেভিড ব্রিন্ডলি জানিয়েছেন, শুরুতে প্রকল্পটি এশীয়-আমেরিকান খাবার ও সংস্কৃতি নিয়ে একটি ভ্রমণভিত্তিক অনুষ্ঠান হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কাজ এগোনোর সঙ্গে সঙ্গে এটি অ্যাওকাফিনার ব্যক্তিগত ও পারিবারিক ইতিহাসের গল্পে পরিণত হয়। ফলে খাবারের পাশাপাশি অভিবাসী পরিবার, ঐতিহ্য এবং পরবর্তী প্রজন্মের কাছে সেই উত্তরাধিকার পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এক রাতের বিশেষ আয়োজনেই অবশ্য থেমে থাকতে চান না অ্যাওকাফিনা। পরিবারের পুরোনো রেস্তোরাঁ ‘লামস’ দীর্ঘমেয়াদে আবার চালুর প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন ধারাবাহিকের অভিজ্ঞতা তাঁকে সেই আত্মবিশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী থেকে রাঁধুনি, এরপর রেস্তোরাঁ উদ্যোক্তা হওয়ার এই যাত্রা অ্যাওকাফিনার কাছে শুধু নতুন পেশা বেছে নেওয়ার গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক স্মৃতি, শিকড়ের সন্ধান এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার চেষ্টা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit