ডেস্ক নিউজ : ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তৎপরতা এবং শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে বাহাদুর শাহ পার্ক ঘুরে পুনরায় ভাষা শহীদ রফিক ভবনের নিচে এসে সমাবেত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা
মিছিল শেষে সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকতা করা কিছু শিক্ষক ও কর্মকর্তা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। শিক্ষক-কর্মকর্তাদের সামাজিক সম্মানের কথা বিবেচনা করে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি তাদের হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মিললে কাউকে আর ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। শিক্ষার্থী সেজে ছাত্রলীগ নেতা, শিক্ষক সেজে ছাত্রলীগ নেতা, কর্মকর্তা সেজে ছাত্রলীগ নেতা সাজলে পিঠের চামড়া থাকবে না।
কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৮