মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ট্রাম্প ভেতরে থাকার সময় হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনের ভেতরে থাকার সময় হোয়াইট হাউসের ঠিক সামনের লাফায়েট স্কয়ারে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার সকালে একটি খুঁটিতে গাড়িটির সজোরে ধাক্কা লাগার পর চালককে আটক করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। এ ঘটনার পর হোয়াইট হাউস ও এর আশপাশের এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত প্রেসিডেন্ট কমপ্লেক্সের ঠিক বিপরীত দিকে পেনসিলভানিয়া অ্যাভিনিউ পার হলেই লাফায়েট স্কয়ার। এটি হোয়াইট হাউসের খুব কাছের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরিচিত উন্মুক্ত স্থান। ওই স্কয়ারের উত্তর দিকের বাঁধানো অংশে একটি রুপালি রঙের সেডান গাড়ি হঠাৎ উঠে পড়ে এবং সেখানে থাকা একটি নির্দেশিকা খুঁটিতে ধাক্কা দেয়।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন সান’-এর এক সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধাক্কা লাগার পর ধোঁয়া ওঠা গাড়িটি থেকে চালক বেরিয়ে আসেন। এ সময় তিনি সেখানে পাহারায় থাকা সিক্রেট সার্ভিস ও ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই চালককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণে বিস্ফোরক শনাক্তকারী কুকুর দিয়ে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের ভবনের ভেতরে ঢুকে যাওয়ার এবং সেখানেই অবস্থান করার নির্দেশ দেয়। একই সঙ্গে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে হোয়াইট হাউসের আশপাশে চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে আটক হওয়া ওই চালকের পরিচয় বা দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। গাড়িটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া হয়েছিল কি না বা এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৬,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit