মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

ডেস্ক নিউজ : প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী। শয্যা সংকটের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় জনবলের অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা। 

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত শয্যার বাইরে বিভিন্ন ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। একই স্থানে গাদাগাদি করে থাকতে হচ্ছে একাধিক রোগীকে। এতে চিকিৎসা গ্রহণে ভোগান্তির পাশাপাশি সংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক রোগীদের দুর্ভোগ বেশি। চিকিৎসাধীন নাজিম উদ্দিন বলেন, দুদিন আগে চিকিৎসা নিতে এসেছি। এখানে চিকিৎসক ও শয্যার সংকট রয়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের অনেক কষ্ট করতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের চার লক্ষাধিক মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এখানে তিন থেকে চার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে চিকিৎসকের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন। শূন্য রয়েছে ৩১টি পদ। অন্যদিকে নার্সের ৩৬টি পদের বিপরীতে কর্মরত ২০ জন। শূন্য রয়েছে আরও ১৬টি পদ। 

এদিকে প্রয়োজনীয় জনবল না থাকায় বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে কার্যক্রম। ফলে এ পরীক্ষা করাতে এসে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের যেতে হচ্ছে অন্য হাসপাতাল কিংবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, জনসংখ্যা ও রোগীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে হাসপাতালের শয্যা ও জনবল বাড়েনি। ফলে অনেক রোগীকে চিকিৎসার জন্য সিলেট শহরে যেতে হচ্ছে। তাদের দাবি, শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য জনবল নিয়োগ দিতে হবে। একই সঙ্গে অবকাঠামো ও চিকিৎসাসেবার পরিধি বাড়িয়ে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আহমদ বলেন, চিকিৎসকের ৪০টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র ৯ জন। প্রতিদিন হাসপাতালে ১০০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। পাশাপাশি বহির্বিভাগে সাড়ে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগেও রোগীর চাপ অনেক বেশি। সীমিত জনবল নিয়ে বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit