মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

কোচিংয়ের চাপ নিয়ে রাতে ঘুমানোও কঠিন: জাভি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করানোর মানসিক চাপ কতটা তীব্র হতে পারে, তা নিয়ে মুখ খুলেছেন জাভি হার্নান্দেজ। বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানির অসুস্থতার খবর শুনে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন নেদারল্যান্ডসের বর্তমান কোচ। একই সঙ্গে জানিয়েছেন, কোচিংয়ের অতিরিক্ত চাপ ও প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশায় কখনো কখনো রাতে ঘুমানোও কঠিন হয়ে যায়।

দুই সপ্তাহ আগে বায়ার্ন মিউনিখের অনুশীলন মাঠে অসুস্থ হয়ে পড়েন কোম্পানি। পরে হাসপাতালে নেওয়ার পর তার মেনিনজাইটিস শনাক্ত হয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো পুরোপুরি দলের দায়িত্বে ফিরতে পারেননি বেলজিয়ান এই কোচ। তার অনুপস্থিতিতে বায়ার্নের মূল দলের দেখভাল করছেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস।

সোমবার এক সংবাদ সম্মেলনে কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন জাভি। এ সময় তার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি কোচদের মানসিক চাপের বিষয়টিও তুলে ধরেন তিনি। জাভি বলেন, ‘ব্যক্তিগতভাবে ভিনসেন্ট কোম্পানিকে চিনি না। তবে তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের পেশায় অনেক সময় প্রচণ্ড চাপ ও মানসিক উদ্বেগের মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে যখন সবকিছু নিজেদের পরিকল্পনা বা প্রত্যাশা অনুযায়ী হয় না।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সাবেক বার্সেলোনা কোচ আরও বলেন, ‘কখনো কখনো ঘুমানোও কঠিন হয়ে পড়ে। এই চাপ আমাদের কাজ ও পুরো প্রক্রিয়ারই অংশ। আশা করি, কোম্পানি দ্রুত সুস্থ হয়ে উঠবে। বায়ার্নে সে দারুণ কাজ করছে।’

কোচিংয়ের পাশাপাশি জাভি ও কোম্পানির খেলোয়াড়ি জীবনেও রয়েছে একটি বিশেষ মিল। দুজনই খেলেছেন পেপ গার্দিওলার অধীনে। জাভি ছিলেন গার্দিওলার ঐতিহাসিক বার্সেলোনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার অধীনে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন কোম্পানি।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit