আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট প্রতিহত করতে সাভার ও আশুলিয়ায় মোটরসাইকেল মহড়া দিয়েছে ঢাকা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সকালে আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল মহড়া দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ধর্মঘটবিরোধী অবস্থান জানান।
ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দীনের নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়োকে একটি মোটরসাইকেল মহড়া হয়। এদিকে, তমিজ উদ্দিনের নির্দেশনায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু ভূইয়ার নেতৃত্বে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক অংকুর মেহেদী, সাংগঠনিক সম্পাদক শামীম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জিহান হোসেন, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলামন ও ছাত্রবিষয়ক সম্পাদক মহিন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে তারা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।