স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিনের শুরু ২ সেশন কোনোভাবেই নিজেদের পক্ষে নিতে পারল না বাংলাদেশ। প্রথম সেশনে যাও ২টি উইকেট তুলে নিতে পেরেছিল দল, তবে দ্বিতীয় সেশনে সেটাও পারা গেল না। প্রায় ওয়ানডে মেজাজে রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতিতে গেছে ২ উইকেট খুইয়ে ২৫৯ রান তুলে, লিড ২২৯ রানের। আর তাতেই দলটা রীতিমতো বাংলাদেশের নাগালের বাইরে চলে গেছে।
বাংলাদেশের চতুর্থ ইনিংসে সফলভাবে রান তাড়া করার রেকর্ডটা ১৭ বছরের পুরোনো। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ম্যাচে ২১৭ রান তাড়া করে জিতেছিল দলটা। এই একটি বাদে ২০০ রান তাড়া করে জেতার রেকর্ড নেই একটিও। যেখানে ২০০ রান তুলে জেতার রেকর্ড মোটে একটি, সেখানে ২২৯ রান তুলে ফেলা মানে নাগালের বাইরে চলে যাওয়াই তো। উইন্ডিজ আজ সে কাজটাই করেছে।
ম্যাচে ভালো কিছু করতে হলে নতুন বলে কিছু একটা করতে হতো বাংলাদেশকে। তবে তাসকিন আহমেদ আর হাসান মাহমুদরা দ্বিতীয় ইনিংসে নতুন বলটা কাজে লাগাতে পারেননি। চতুর্থ দিনের প্রথম এক ঘণ্টা বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দেয় ক্যারিবীয়রা। বাংলাদেশের নিয়তি লেখা হয়ে গিয়েছিল তখনি। মাঝে ক্ষীণ একটা আশা তৈরি হয়েছিল। দলীয় ৮৫ রানে জশুয়া দা সিলভাকে তাইজুল ইসলাম আর ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ যখন ফেরালেন ব্রেন্ডন কিংকে, তখন মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি ম্যাচে ফিরতে যাচ্ছে।
কিন্তু শেষমেশ তা আর হয়নি। কেভিন উইকহ্যাম আর কাভেম হজ মিলে দাঁড় করিয়েছেন অপরাজিত ১৪০ রানের জুটি। এই জুটির রানের সিংহভাগই এসেছে দ্বিতীয় সেশনে। হজ আছেন সেঞ্চুরির দুয়ারে, আর ৭ রান চাই তার। উইকহ্যামও পিছিয়ে নেই খুব একটা, তার নামের পাশে আছে ৬৩ রান। শেষ সেশনে সেঞ্চুরি তো বটেই, সঙ্গে আরও বড় অর্জনেও নিশ্চয়ই চোখ থাকবে ক্যারিবিয়ান এই দুই ব্যাটারের।
কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৪