বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। রণবীর কাপুর, সাঁই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ৩৮৪ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে হংকংয়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ নভেম্বর হংকংয়ের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ’। চিনা ও ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে সিনেমাটি। ইতোমধ্যে হংকংয়ের মংকক, ল্যংহাম প্লেস, প্রিমিয়ার এলিমেন্টস, সুয়েন ওয়ান ও কোয়াই ফংয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। প্রথম তিন দিনে দেশটিতে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২১৮ কোটি ২৫ লাখ রুপি। নেট আয় হয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। তৃতীয় দিনেই বিদেশের প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ৬৮ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৫ কোটি ৭৫ লাখ রুপি। দেশি ও বিদেশি বাজার মিলিয়ে প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৩৮৪ কোটি রুপির বেশি আয় করেছে ‘রামায়ণ’।
হংকংয়ে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়বে বলে আশা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
এদিকে সিনেমাটি ঘিরে বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনসের (আইআইএমইউএন) এক অনুষ্ঠানে অনলাইন সমালোচনা উপেক্ষা করে নিজের কাজে মনোযোগী থাকার পরামর্শ দেন তিনি।
রণবীর বলেন, ‘আজকাল অনলাইনে ট্রোল করা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। পুরোনো সেই বিখ্যাত গানের কথা মনে পড়ে যায়— কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহনা…। জীবনযাপন করার জন্য এটি একটি দুর্দান্ত দর্শন। কে কী বলল তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।’
কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:০৩