বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে বই বিতরণ। তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু টানটান উত্তেজনার মাঝেও যেভাবে গোপনে বাণিজ্যে ফিরছে পাকিস্তান ও ভারত ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৬ নভেম্বর হাসপাতাল থেকে কারাগারে ইমরান খান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিফাইনালে ভারত বিরামপুরের কানোচগাড়ী গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়॥ ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল॥

তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ করের অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের তাগিদ দিয়েছেন।

বুধবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো বিপুল মুনাফা করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এ বৈষম্য দূর করতে দূষণকারী প্রতিষ্ঠানগুলোকেই ক্ষতির আর্থিক দায় নিতে হবে।  

গুতেরেস বলেন, ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে।’ জলবায়ু সংকটের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি খাতের কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফায় কর আরোপ করে সেই অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ব্যবহার করা যেতে পারে বলে মত দেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, জলবায়ু সংকট যে গতিতে বাড়ছে, বিশ্ব সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না। জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর জরুরি। 

জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব নিয়েও কঠোর সমালোচনা করেন গুতেরেস। তার মতে, জীবাশ্ম জ্বালানির পক্ষে যুক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। অথচ এ খাতের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লবিং জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ডাইনোসরদের কোনো লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির রয়েছে।

বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নিয়েও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। এ সীমা সাময়িকভাবে অতিক্রমের আশঙ্কা থাকলেও উষ্ণতা কতটা বাড়বে এবং কত দিন স্থায়ী হবে, তা এখনো মানুষের সিদ্ধান্ত ও পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্য ধরে রাখতে কার্বন নিঃসরণ কমাতে দেশগুলোর প্রতি আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতির কথা তুলে ধরে গুতেরেস বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। বিশ্বের অনেক অঞ্চলে নতুন বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে সাশ্রয়ী উৎস হয়ে উঠেছে পরিচ্ছন্ন জ্বালানি। ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা অন্তত তিন গুণ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানো, তেল-গ্যাসের ব্যবহার হ্রাস, নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামো নির্মাণ বন্ধ এবং মিথেন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন।

জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন গুতেরেস। তার মতে, বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এমন দেশে বাস করে, যেগুলো জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহে অস্থিরতা এসব দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো শুধু পরিবেশ সুরক্ষার বিষয় নয়, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িত।

উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়ন বাড়ানোরও আহ্বান জানান গুতেরেস। ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit