আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র নবম দিনে ‘আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাহতাব বিশ্বাস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহতাব উদ্দিন বিশ্বাস।
হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে ও আব্দুল কাদের মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম এবং পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা।
এ ছাড়া বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন সঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক, পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা উদযাপন কমিটির সদস্য সচিব নারী উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য নারী উদ্যোক্তা তামান্না তানজিন জান্নাতী প্রমূখ।
আলোচনায় বক্তারা পাবনার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, পাবনার পর্যাপ্ত খেলার মাঠের অভাবে খেলাধুলাসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। নতুন প্রজন্মের একটি অংশ ক্রমেই ঘরকেন্দ্রিক হয়ে পড়ছে। হতাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট, হানি ট্র্যাপ, পাবজিসহ বিভিন্ন অনর্থক অনলাইন গেম এবং মাদকাসক্তির মতো সমস্যা তরুণ সমাজকে বিপথে পরিচালিত করছে। এর নেতিবাচক প্রভাব হিসেবে চুরি, ছিনতাই ও হত্যাসহ নানা অপরাধের প্রবণতা বাড়ছে।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে হতাশা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে হবে। এ লক্ষ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ডিবেট ক্লাবের কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও শিক্ষামূলক দক্ষতা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা ও স্কুলব্যাগ বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন, অসহায় ও দুস্থ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন সংশ্লিষ্ট আয়োজকেরা। উল্লেখ্য, হৃদয়ে পাবনা ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে গত ২২ অক্টোবর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’ অনুষ্ঠিত হচ্ছে।
পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবে রয়েছে জেলার ঐতিহ্যবাহী খাবার, পিঠাপুলি, তাঁতশিল্প ও মৃৎশিল্পের প্রদর্শনী। পাশাপাশি পাবনা জেলার ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে রয়েছে আলোচনাসভা। উৎসবের অংশ হিসেবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম, চিকিৎসা, খেলাধুলা, শিক্ষা, মানবিক কাজ ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন পেশায় কর্মরত শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংকার, চিকিৎসক, কবি, লেখক ও সাহিত্যিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ উৎসব পাবনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিবাচক, সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে প্রতিদিনই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” স্বপরিবারে আসার জন্য পাবনাবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১৯